২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে সহায়তা প্যাকেজসহ ২৩ দফা প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের

বিশ্বমন্দা মোকাবেলায় আগামী বাজেটে বিশেষ সহায়তা প্যাকেজ চালুসহ ২৩ দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম চেম্বার। শনিবার সকালে চেম্বার মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা এসব প্রস্তাব পেশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 05:35 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দা মোকাবেলায় আগামী বাজেটে বিশেষ সহায়তা প্যাকেজ চালুসহ ২৩ দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম চেম্বার। শনিবার সকালে চেম্বার মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা এসব প্রস্তাব পেশ করেন। চেম্বার সভাপতি সাংসদ এম এ লতিফের সভাপতিত্বে আলোচনায় ব্যবসায়ীরা ছাড়াও রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, "চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলায় দেশীয় শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রণোদনা প্রদানের বিষয়টি বিবেচনায় রেখে আগামী অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে।" তিনি বলেন, "বিশ্বমন্দা মোকাবেলায় করণীয় সর্ম্পকে আগামী অর্থ বছরের বাজেটে সুষ্পষ্ট দিক-নির্দেশনা থাকবে। এ ছাড়া দেশীয় শিল্পের সুরক্ষার বিষয়টিও বাজেটে বিবেচনা করা হবে।" সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দিক-নির্দেশনাও এ বাজেটে থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বিশ্বমন্দায় আতঙ্কিত না হয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ কনসেপ্টে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম চেম্বারের প্রস্তাবনায় ব্যবসায়ীরা বলেন, বিশ্বমন্দার কারণে দেশে কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে বিনিয়োগের উৎস সম্পর্কে প্রশ্ন না করে যে কোনো বিনিয়োগ গ্রহণ করা উচিত। প্রস্তাবনায় ব্যবসায়ীরা বিদ্যুৎ সমস্যার কারণে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় আমদানি মূল্যে ডিজেল সরবরাহের দাবি জানান। প্রয়োজনে বাণিজ্যিক ভিত্তিতে ডিজেল আমদানির অনুমতি প্রদানের জন্য এনবিআর চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন তারা। এ ছাড়া মন্দা মোকাবেলায় আগামী বাজেটে বিশেষ সহায়তা চালু, চট্টগ্রামের যেসব রপ্তানিপণ্য ঢাকা হয়ে বিমানে পরিবহন করতে হয় সেগুলোর কাগজপত্র আগের মত চট্টগ্রামেই প্রক্রিয়া শেষ করার প্রস্তাব দেয়া হয়। চেম্বার সভাপতি বলেন, "কিছুসংখ্যক শুল্ক কর্মকর্তার দুর্নীতি ও স্বেচ্ছাচারীতায় ব্যবসায়ীদের সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে।" তিনি রপ্তানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার নেতিবাচক ধারণা নিয়ে কাজ করার মানসিকতা পরিহারের পরামর্শ দেন। বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, "শুল্ক কর্মকর্তাদের ঘরের দুয়ায়ে কড়া নেড়ে ঘুম থেকে তুলে পণ্য শুল্কায়ন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে নতুন লোকবল নিয়োগ করে রপ্তানি বিভাগের কার্যক্রম ২৪ ঘণ্টা সচল রাখতে হবে।" সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম ও সহ-সভাপতি এস এম শফিউল হক, পরিচালক এস.এম. আবু তৈয়ব, মো. শোয়েব রিয়াদ, এ কে এম আক্তার হোসেন, সাবেক পরিচালক মঈনুদ্দিন আহমেদ, মাহফুজুল হক শাহ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২৩৩০ঘ