আব্দুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ০১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনবছর মেয়াদি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) বাতিল করে আবারো পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় (পাঁচসালা) ফিরছে বাংলাদেশ।
২০১১ সাল থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। ২০১১ সালের পর আর কোনো পিআরএসপি থাকবে না।
বুধবার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, "আমরা (সরকার) আবারো পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ২০১১ সাল থেকে দেশের সব উন্নয়ন পরিকল্পনা পঞ্চ-বার্ষিক পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হবে। ২০১১ সালের পর আর কোনো পিআরএসপি থাকবে না।"
স্বল্প সময়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
শুধু পঞ্চ-বার্ষিক পরিকল্পনা নয়, ২০৩৫ সাল পর্যন্ত একটি 'উন্নয়ন রূপকল্প' তৈরিতেও সরকার হাত দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
দেশে বর্তমানে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (অর্থ বছর ২০০৮-০৯ থেকে ২০১০-১১) চালু আছে।
অর্থমন্ত্রী বলেন, "২০১১ সাল পর্যন্ত সরকার দ্বিতীয় পিআরএসপি চালু রাখবে। তবে তা ব্যাপকভাবে সংশোধন করা হবে।"
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মে মাস নাগাদ তারা দ্বিতীয় পিআরএসপি'র পুরোটা সংশোধন করতে পারবেন।
এরই মধ্যে এ সংক্রান্ত অনেক কাজ এগিয়ে গেছে বলেও জানান তিনি।
আবুল মুহিত বলেন, "২০১১ সাল থেকে আমরা পাঁচসালা পরিকল্পনায় ফিরছি। পাঁচসালা পরিকল্পনা না থাকাটা একটা 'রাডার লেস' অবস্থা। কোনো গোল থাকে না। কোনো গোল ছাড়া বা স্বপ্ন ছাড়া একটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় না।"
এ কারণেই তিন বছরমেয়াদী পিআরএসপি থেকে পাঁচসালা পরিকল্পনায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, "২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।"
স্বাধীনতার পর ১৯৭৩-৭৮ সাল পর্যন্ত প্রথম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়। এরপর ২০০২ সাল নাগাদ বাস্তবায়ন হয় মোট পাঁচটি পঞ্চ-বার্ষিক পরিকল্পনা।
মাঝে দুটি দু'বছর মেয়াদি সংক্ষিপ্ত পরিকল্পনা ছিল। ২০০১-২০০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে পাঁচসালা পরিকল্পনার জায়গা নেয় পিআরএসপি।
২০০৫ সালের জুলাই মাসে তিন বছর মেয়াদি প্রথম পিআরএসপি গ্রহণ করা হয়।
দাতাদের প্রস্তাবিত পিআরএসপি বাতিল করে পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় ফিরলে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সাহায্য পেতে কোনো সমস্যা হবে কিনা- জানতে চাওয়া হলে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, "সব উন্নয়ন সহযোগীর সঙ্গেই কথা হয়েছে। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আর পরিকল্পনা মতো এগোনোতো সংবিধানেরই অংশ। সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা হবে না।"
সিদ্ধান্তটি চলতি মাসেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানান এ কে খন্দকার।
রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২৩৫০ঘ.
bdnews24