ঢাকা, ০১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় শিল্প সুরক্ষায় ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিলাসবহুল এবং 'অপ্রয়োজনীয়' পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
বুধবার দুপুরে বিভিন্ন চেম্বার নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর প্রধান বলেন, "বাইরের পরামর্শ ও বুদ্ধিমত্তা পরিহার করে দেশের স্বার্থ বিবেচনায় নতুন বাজেট প্রণয়ন করা হবে। দেশীয় শিল্প সুরক্ষায় আগামী বাজেটে বিলাসবহুল এবং অপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে করের হার বাড়ানো হবে।"
বিশ্ব অর্থনীতির চলমান মন্দা সক্রিয় বিবেচনায় রেখে বাজেট প্রণীত হবে জানিয়ে আবদুল মজিদ আরো বলেন, "মন্দা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছ্ ুনেই। আশা করি আমরা সম্মিলিতভাবে কাজ করে গেলে ভালো করেই সঙ্কট পরিস্থিতি মোকাবেলা করতে পারবো।"
বিশ্ব পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে মত দেন তিনি।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, "আমরা বাংলাদেশের রাস্তায় হাঁটবো আর চিন্তা করবো লন্ডনের ট্রাফিক সিস্টেম নিয়ে, সেটা হবে না।
সাবধান করে দিয়ে তিনি বলেন,"অধিক আত্মবিশ্বাসী হলে চলবে না। এতে ভুল হয়ে যেতে পারে। পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করেই আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর দপ্তরে অনুষ্ঠিত ওই সভায় চেম্বার নেতাদের মধ্যে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের (আইসিসি-বি) সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি হোসেন খালেদ, আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচেম) সাবেক সভাপতি আফতাবুল ইসলাম, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাষ্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি শাহেদুর রহমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এফআইসিসিআই) সভাপতি ওয়ালিউর রহমান ভুঁইয়া, ইন্সস্টিটিউট অফ চাটার্ড অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) সভাপতি এবিএম শামসুদ্দীন প্রমুখ।
সভায় মাহবুবুর রহমান কালো টাকা (অপ্রদর্শিত আয়) বৈধ বা সাদা করার সুযোগ দেওয়ার বিপক্ষে মত দিয়ে বলেন, "বার বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া অনৈতিক। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে খুব বেশি ভালো ফল পাওয়া যায় না।"
রিয়েল এস্টেট সেক্টরে বড় ধরনের সঙ্কট চলছে মন্তব্য করে হোসেন খালেদ এ খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন।
বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের বিষয়টি বিবেচনায় রেখে ডিজেল ও ফার্নেস অয়েলের দাম কমানো উচিত বলে মন্তব্য করেন শাহেদুর রহমান।
ওয়ালিউর রহমান ভুঁইয়া বলেন, "জ্বালানি সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশ্ব মন্দার প্রেক্ষাপটে রপ্তানিকারকদের প্রতি নজর দেওয়া উচিত। এছাড়া সুদের হার কমানো উচিত যাতে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/১৯০২ঘ.
bdnews24