চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম-কলকাতা রুটে ৩০ মার্চ থেকে ফ্লাইট শুরু করছে ইউনাইটেড এয়ারওয়েজ।
রোববার সন্ধ্যায় বন্দর নগরীর হোটেল আগ্রাবাদে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সর্বাধুনিক প্রযুক্তির কানাডিয়ান ড্যাশ-৮-১০০ মডেলের দুটি উড়োজাহাজ দিয়ে সপ্তাহে চারদিন চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালিত হবে বলে এতে জানানো হয়।
চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ান ওয়ের ভাড়া রাখা হয়েছে নয় হাজার ১২৫ টাকা এবং রিটার্ন সতের হাজার ৫৪৭ টাকা (ভ্যাটসহ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ আবদুল মোক্তাদির।
তিনি জানান, আগামী জুলাইয়ের মধ্যে দুটি সুপরিসর উড়োজাহাজ দিয়ে ঢাকা-কাঠমাণ্ডু, ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-দুবাই এবং চট্টগ্রাম-বাহরাইন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউনাইটেড এয়ারওয়েজ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ক পরিচালক জিলানী এফ আর চৌধুরী ও অবসরপ্রাপ্ত গ্র"প ক্যাপ্টেন খুরশিদ আলম।
জিলানী এফ আর চৌধুরী জানান, দুটি বিমান নিয়ে ১০০ কোটি টাকা বিনিয়োগে তাদের প্রতিষ্ঠান কাজ করছে। ২০০৭ সালের জুলাই থেকে যাত্রা শুরু করা ইউনাইটেড এয়ারওয়েজ 'সুনামের সঙ্গে' এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করেছে বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে বছরে ৪০ লাখ লোক বিমানে ভ্রমণ করে।
জিলানী আরও জানান, মে মাসের মধ্যে ১৭০ আসনের একটি নতুন জেট বিমান যাত্রী পরিবহনে যুক্ত হবে।
তিনি বলেন, আগামী ৫ বছরে আরও ২ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/২৩৪৭ঘ.
bdnews24