আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব মোকাবেলায় কোনো খাতকেই আর্থিক সহায়তা না দিয়ে রপ্তানি খাতের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে একটি 'বিশেষ তহবিল' গঠনের পরামর্শ দিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
বুধবার বিকেলে বিশ্ব অর্থনৈতিক সঙ্কট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন।
মির্জ্জা আজিজ বলেন, "সার্বিক পরিস্থিতি ভালোভাবে পর্যালোচনা করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের সামর্থ্যরে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। বিশ্ব মন্দার যুক্তি দেখিয়ে ব্যবসায়ী-শিল্পপতিরা নানা ধরনের সুযোগ সুবিধা চাইবেন। কিন্তু সরকারকে সে ব্যাপারে ভালোভাবে হিসাব-নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে।"
বিশ্ব মন্দা কাটাতে সরকার রপ্তানিকারকদের যে সহায়তা দেবে তা বাজেটের অন্য কোনো খাত থেকে কাঁটছাট করেই দিতে হবে- এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "সেক্ষেত্রে যে খাত থেকে টাকা কেটে আনা হবে সে খাত ক্ষতিগ্রস্ত হবে।"
মির্জ্জা আজিজ বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিশ্ব মন্দা মোকাবেলার জন্য কোনো খাতের জন্যই অতিরিক্ত বা বাড়তি কোনো বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। বাজেটে যে খাতের জন্য যে নগদ সহায়তা দেওয়ার কথা আছে সে অনুযায়ীই সহায়তা দেওয়া হোক। তবে মন্দা মোকাবিলার জন্য বাড়তি প্রস্তুতি হিসেবে একটি বিশেষ তহবিল গঠন করা যেতে পারে।"
বিশেষ তহবিলটি সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে গঠন করতে হবে বলে মত দেন তিনি।
সাবেক উপদেষ্টা বলেন, "যে সব বড় বড় ব্যবসায়ী ও রপ্তানিকারক দীর্ঘদিন ব্যবসা করে বর্তমানে ভালো অবস্থানে আছেন তারা সবাই মিলে এই তহবিলে অর্থ যোগান দেবেন। অন্যদিকে সরকারও সামর্থ্য অনুযায়ী টাকা দেবে।"
কতো কোটি টাকার তহবিল গঠন করা যেতে পারে-এ প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, "সেটা সরকার ও বেসরকারি খাত বসে ঠিক করলেই হবে। সরকার মন্দা মোকাবিলায় কৌশল ঠিক করতে যে টাস্কফোর্স গঠন করেছে সেখানেও এ তহবিলের বিষয়টি ঠিক করা যেতে পারে।"
মির্জ্জা আজিজ বলেন, "বিশ্ব মন্দার কারণে সত্যিই কোনো রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হলে সে এই তহবিল থেকে অপেক্ষকৃত কম সুদে টাকা নিয়ে ব্যবসা অব্যাহত রাখবে। পরে পরিস্থিতির উন্নতি হলে সে সুদসহ ঐ টাকা ফেরত দেবে।"
'ভালোভাবে তদারকির মাধ্যমে' এই তহবিল পরিচালনা করতে হবে বলে সতর্ক করে দিয়ে সাবেক উপদেষ্টা বলেন," কোনো অবস্থাতেই যাতে এই তহবিলের অর্থ অপব্যবহার না হয়।"
'অযথা' না ভয় পাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি আরো বলেন, "বিশ্ব মন্দার প্রভাব এখনও আমাদের অর্থনীতিতে পড়েনি। রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে এখনও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
পরিসংখ্যান দিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, "চলতি ২০০৮-০৯ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই- ফেব্র"য়ারি) রপ্তানি আয়ে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশের ওপরে প্রবৃদ্ধি হয়েছে। রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি ৩০ শতাংশের কাছাকাছি। বিশ্বের অনেক দেশেই এ দুই খাতে প্রবৃদ্ধি নেতিবাচক। আমরা এখনও ইতিবাচক অবস্থানে রয়েছি।"
রপ্তানি খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও ভূমিকা রাখার তাগিদ দেন মির্জ্জা আজিজ।
"শুধু সরকারের কাছে সুবিধা আদায়ের জন্য বসে থাকলে চলবে না। নিজেদেরও পরিস্থিতি মোকাবেলার জন্য নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। পণ্যের গুণগতমান উন্নত করতে হবে"- ব্যবসায়ীদের প্রতি পরামর্শ তার।
স
bdnews24