ঢাকা, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্যুৎ সঙ্কটকে দেশের সবচেয়ে বড় বিপদ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, "বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই হবে না। এই বিদ্যুৎই আমাদের সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দিয়েছে।"
সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন খাতের চাহিদা বেড়ে যাওয়ায় আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটের আকার বড় হবে বলেও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী।
সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার অর্থনৈতিক রিপোর্টারদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "আমাদের অনেক সমস্যা আছে। তবে সবচেয়ে বড় বিপদের বিষয় হচ্ছে বিদ্যুৎ। গত সাত বছরে এ খাতের কোনো উন্নতি হয়নি। লাইনের পর লাইন খাম্বা (খুঁটি) দাঁড়িয়ে আছে। কিন্তু বিদ্যুৎ নেই। আমি ভেবেছিলাম, তিন বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব হবে। এখন দেখছি তা সম্ভব নয়। আরও সময় লাগবে।"
আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
নতুন বাজেট প্রসঙ্গে মুহিত বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মহামন্দা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বিবেচনায় রেখে আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে নতুন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। নানা ধেেরনর মতামত বা সুপারিশ আসছে। আরও মতবিনিময় হবে। সব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মে মাসের শেষে দিকে চূড়ান্ত করা হবে।"
সাধারণত জুন মাসের প্রথমার্থে জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করে থাকেন।
তিনি বলেন, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) আমাদের অর্থনীতি বেশ ভালোই চলছিল। কিন্তু এর পর থেকেই বিশ্বমন্দার প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম কমে যাওয়ায় আমদানি শুল্ক কমে গেছে। এ কারণে চলতি অর্থবছরে ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট কিছুটা কমে ৯৫ থেকে ৯৬ হাজার কোটি টাকায় নেমে আসতে পারে।
২৫ হাজার ৬০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ১০ শতাংশের মতো কমিয়ে আনা হতে পারে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি প্রবৃদ্ধি) বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশ না হলেও ৬ শতাংশের মতো হবে।
তবে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেট বড় হবে বলে জানান অর্থমন্ত্রী।
এর কারণ ব্যাখ্যা করে মুহিত বলেন, নতুন বাজেটে চাহিদা অনেক বেশি হবে। বিশ্বমন্দার কারণে রপ্তানি খাতে নগদ আর্থিক সহায়তা দিতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে নানা ধরনের কর্মসূচি গ্রহন করা হবে। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারিদের নতুন বেতন কাঠামোয় (পে-স্কেল) বেতন দিতে হবে। পে-কমিশন তাদের রিপোর্ট দেবে বলে জানিয়েছে।
এ সব বড়াতি খরচের কারণে নতুন বাজেটের আকার বড় হবে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, নতুন বাজেটে বিদ্যুৎ খাতের পাশাপাশি কৃষি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নানামুখি পদক্ষেপ, যোগাযোগ খাত বিশেষ করে রেল যোগাযোগ, কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
মুহিত বলেন, "আমি আগেই বলেছি, আগামী এক বছর আমাদের অর্থনীতির জন্য খুবই কঠিন সময় যাবে। নতুন অর্থ বছরে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি চলতি অর্থ বছরের চেয়ে কিছুটা কম হবে।"
তবে বৈদেশিক সাহায্যের প্রবাহ বাড়ব বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে কিনা- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "এ বিষয়ে বিভিন্ন ধরনের মতামত আসছে। আরও মতামত আসবে। সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিনি জানান, বিশ্ব মন্দা মোকাবিলায় করণীয় ঠিক করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই টাস্কফার্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টাস্কফোর্সের সুপারিশের আলোকে আজ (সোমবার) রপ্তানি খাতে নগদ আর্থিক সহায়তার বকেয়া ২৪৩ কোটি টাকা ছাড় করা হয়েছে। কিছু দিনের মধ্যে আরও কিছু অর্থ ছাড় করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৪৫ঘ.
bdnews24