ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌথ উদ্যোগে মোবাইল ফোন সেট তৈরি ও সংযোজন এবং সিমকার্ড তৈরির জন্য টেলিফোন শিল্প সংস্থার (টিএসএস) আমন্ত্রণে সাড়া দিয়েছে চারটি স্থানীয় ও বিদেশি কোম্পানি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকতা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারটি কোম্পানি হিমাচল ইন্ডিয়া, গোল্ডকম (হংকং), বেষ্টওয়ে (বাংলাদেশ-চীন) ও এলাইড (বাংলাদেশ) তাদের প্রস্তাব দাখিল করেছে।
রাষ্ট্র পরিচালিত টিএসএস প্রস্তাব জমা দেওয়ার জন্য গত মাসে প্রস্তাব আহ্বান করে। প্রস্তাব দাখিলের শেষ দিন ২২ মার্চ।
ওই কর্মকর্তা জানান, এলাইড বিদ্যুৎ খরচ কম হয়, এমন বাতি উৎপাদনের প্রস্তাব দিয়েছে। বাকি তিনটি কোম্পানি প্রস্তাব দিয়েছে কলার আইডিসহ মোবাইল টেলিফোন সেট ও টেলিফোন সেট তৈরির।
মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, প্রস্তাবগুলো খতিয়ে দেখার জন্য কয়েকদিনের মধ্যে কারিগরি মূল্যায়ন কমিটি গঠন করা হবে।
এর আগে টিএসএস রেলওয়ের যন্ত্রপাতি তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্যও প্রস্তাব আহ্বান করে। এ প্রসঙ্গে বগী, ইঞ্জিন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৈরির কথা উল্লেখ করা হয়।
ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে টিএসএস সৌর বিদ্যুৎ উৎপাদন, বিভিন্ন কার্যালয়ের জন্য নিরাপদ ব্যবস্থা সম্বলিত সফটওয়্যার, মোবাইল ও টেলিফোন কোম্পানির জন্য বিটিএস এবং সফটওয়্যার ভিত্তিক যেকোনো ধরনের টেলিযোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি উৎপাদনের পরিকল্পনা করছে।
এছাড়া বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ কোম্পানির জন্য অপটিক্যাল ফাইবার কেব্ল, প্রি-পেইড ও পোস্ট পেইড ডিজিটাল মিটার তৈরির পরিকল্পনাও রয়েছে টিএসএস এর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২০০০ঘ
bdnews24