ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দা পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্যমন্ত্রী ফারুক খানের কাছে সহজ কিস্তিতে ব্যাংক ঋণের ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) সংক্রান্ত নিয়মনীতি শিথিল করাসহ ৩১ দফা সুপারিশ পেশ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতারা লিখিতভাবে তার কাছে এসব সুপারিশ পেশ করেন।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজিএমইএ'র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, "আমরা এ মন্দা পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ধরনের সুপারিশ করেছি। বাণিজ্যমন্ত্রীও আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছেন।"
সুপারিশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, "মন্দার কারণে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংকগুলোকে প্রচলিত সুযোগ সুবিধার বাইরেও কিছু বিশেষ সুবিধা বা ছাড় প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সহজ কিস্তিতে ব্যাংক ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।"
বিজিএমইএ'র সভাপতি বলেন, "যেহেতু ঋণ খেলাপি হলে এলসি খোলা যায় না তাই মন্দাকালীন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি সংক্রান্ত নীতিমালা শিথিল করতে হবে।"
৩১ দফার এ সুপারিশের মধ্যে আরো আছে- রপ্তানি মূল্যের ওপর ১০ শতাংশ নগদ সহায়তা, পোশাক শিল্পে জেনারেটর ব্যবহারের জন্য ডিজেলে ভর্তুকি ও ব্যাংক সুদের হারের ওপর ভর্তুকি প্রদান এবং সব ধরনের পোশাকের জন্য উৎস কর ও ভ্যাট রহিত করা।
লিখিত সুপারিশমালায় সালাম মুর্শেদী আরও বলেন,"চলমান বিশ্বমন্দা বাংলাদেশের অর্থনীতিকেও প্রভাবিত করতে যাচ্ছে। এরফলে আমাদের রপ্তানিতে সঙ্কট সৃষ্টি করছে।"
বিজিএমইএ'র একটি রিপোর্ট উদ্ধৃত করে তিনি বলেন,"রপ্তানি মূল্য প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় এ মুহূর্তে আমাদের পোশাক শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে একটি প্রণোদনা প্যাকেজ ( স্টিমুলাস প্যাকেজ) প্রদান একান্ত জরুরি।"
বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "মন্দা মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের অধীনে একটি উপকমিটি গঠন করা হবে। তাদের প্রতিবেদনের আলোকে কয়েকদিনের ভেতরে একটি সুনির্দিষ্ট প্যাকেজ ঘোষণা করা হবে।"
শ্রমিকদের প্রতি বেশি নজর দেওয়ার জন্য বৈঠকে পোশাক শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমডি/এজে/জিএনএ/এইচএ/২১৪৫ ঘ.
bdnews24