আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে একটি প্রকল্পের আওতায় ১০ হাজার ৬৫০ পরিবারকে বসতভিটা ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে সরকার।
সরকারি খাস জমিতে ২০৭টি 'ইকোভিলেজ' নির্মাণ করে তাদের বসতভিটা তৈরি করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
'জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প' (সিভিআরপি)' নামের এই প্রকল্পের মোট ব্যয় হবে ১৮৭ কোটি ২৯ লাখ ৮ হাজার টাকা।
প্রকল্পের পুরো অর্থই জাপান ঋণ মওকুফ তহবিল (জেডিসিএফ) থেকে যোগান দেওয়া হবে।
২০১২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। ভূমি মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প এলাকা হচ্ছে সারা দেশ।
কার্যপত্রে বলা হয়, "দেশের পল্লী এলাকায় প্রাকৃতিক দুর্যোগের শিকার ১০ হাজার ৬৫০টি ভূমিহীন, গৃহহীন, ঠিকানাহীন এবং নদীভাঙা পরিবারকে সরকারি খাস জমিতে ২০৭টি 'ইকোভিলেজ' নির্মাণ করে ভিটাসহ স্বামী-স্ত্রী উভয়ের নামে 'কবুলিয়ত দলিল' প্রদান করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও নারী অধিকার নিশ্চিত করা হবে। বিধবাদের ক্ষেত্রে একক নামে 'কবুলিয়ত' প্রদান করা হবে।"
এ প্রকল্পের আওতায় পুনর্বাসিত পরিবারগুলোকে শিক্ষা, নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও স্বাস্থ্য সেবা প্রদানসহ দীর্ঘমেয়াদে পুকুর লিজ দেওয়া হবে।
পুনর্বাসিত পরিবারগুলোর আর্থ-সামজিক অবস্থার উন্নয়নে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমও পরিচালনা করা হবে।
একনেক বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পরিকল্পনা সচিব হাবিব উল্ল্যাহ মজুমদার জানান, গুচ্ছগ্রাম প্রকল্পের আদলে ''জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্রকল্প" (সিভিআরপি) হাতে নেয়া হয়েছে।
এছাড়া বৈঠকে আরও দুটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রকল্প দুটি হচ্ছে, ৫৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা শহরের পানি তোলার পাম্পের জন্য ডিজেল চালিত জেনারেটর সংগ্রহ এবং অন্যটি ৫০ কোটি টাকার কারা অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/২১৫১ঘ.
bdnews24