ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গমের মজুদ বাড়াতে ৬০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার।
রোববার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ভারত থেকে এ গম আমদানি করা হবে। প্রতি টন গমের দাম পড়বে ১৯৭ দশমিক ৪০ মার্কিন ডলার। এ হিসাবে ৬০ হাজার টন গমের দাম পড়বে ৮৬ কোটি ৪০ লাখ টাকা।
আবদুল আজিজ বলেন, আন্তর্জাতিক দরপত্র আহবানের মাধ্যমে এই গম কেনা হচ্ছে। সর্বনিম্ন দরদাতা দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার টন করে মোট ৬০ হাজার টন গম কেনা হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, দরপত্রে কলকাতার এল এন জে ইন্টারন্যাশনাল সর্বনিম্ন দরদাতা হয়েছিল।
অন্যদিকে স্থানীয় প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স আনোয়ার ট্রেডার্স যে দরপত্র জমা দিয়েছিল তার দর ছিল ২১৫ ডলার (প্রতি টন)। পরে তারা সর্বনিম্ন দর ১৯৭ দশমিক ৪০ ডলারে গম সরবরাহ করতে পারবে কিনা জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটি রাজি হওয়ায় তাদের কাছ থেকেও ৩০ হাজার টন গম কেনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এসকে/২১১০ঘ.
bdnews24