২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মামলার কারণে সাড়ে ৬ হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে'

সরকারের রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) মামলার জট লেগেছে। আর এ কারণে আটকে আছে ছয় হাজার ৫৫১ কোটি টাকার রাজস্ব। সর্বশেষ হিসাবে এনবিআরের ১৬ হাজার ৩৭২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 07:52 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারের রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) মামলার জট লেগেছে। আর এ কারণে আটকে আছে ছয় হাজার ৫৫১ কোটি টাকার রাজস্ব। সর্বশেষ হিসাবে এনবিআরের ১৬ হাজার ৩৭২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে এটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বৈঠকে মামলাগুলো দ্রুত নিষ্পতির মাধ্যমে সরকারের এই বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে এটর্নি জেনারেল অফিসের সহায়তা কামনা করেন আবদুল মজিদ। তিনি বলেন, "আইনের ফাঁক-ফোঁকরের কারণে অনেক রুই-কাতলা ছাড় পেয়ে যায়। সরকার বঞ্চিত হয় মোটা অঙ্কের রাজস্ব থেকে। আদালতে এনবিআরের যে সব মামলা বিচারাধীন আছে সেগুলোর নিষ্পতি হলে সরকারের রাজস্ব আদায় বাড়বে।" বৈঠকে পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এ পর্যন্ত ১৬ হাজার ৩৭২টি মামলা আদালতে বিচারাধীন আছে। আর এই মামলাগুলোর কারণে আটকে আছে ছয় হাজার ৫৫১ কোটি টাকার রাজস্ব। তিনি বলেন, শুল্ক সংক্রান্ত মোট ১২ হাজার ৫৬৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ কারণে সরকারের এক হাজার ৭৩৯ কোটি টাকা আটকে আছে। শুল্ক সংক্রান্ত এ সব মামলার অধিকাংশই পিএসআই (প্রাক-জাহাজীকরণ পরিদর্শন) সম্পর্কিত বলে এনবিআর চেয়ারম্যান জানান। মূল্য সংযোজন কর (ভ্যাট) সংক্রান্ত মামলায় আটকে আছে তিন হাজার ১১২ কোটি টাকার রাজস্ব। মামলার সংখ্যা দুই হাজার ২৩ টি। অন্যদিকে আয়কর সংক্রান্ত এক হাজার ৫৮০টি মামলায় এক হাজার ৭০০ কোটি টাকার রাজস্ব আটকে আছে বলে জানান আবদুল মজিদ। এনবিআর চেয়ারম্যান বলেন, "আদালতে বিচরাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য এনবিআরের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবেই আজ (শনিবার) এটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। "আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এনবিআর ট্রেনিং একাডেমিতে আদালতে আটকে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ওই প্রশিক্ষণে এটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ও এনবিআরের কর কর্মকর্তারা অংশ নেবেন।" সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেন, এনবিআরের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কয়েকটি পৃথক বেঞ্চ গঠন করা হয়েছিল। এরপরও মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে মামলা হওয়ার প্রবণতা অনেক বেশি। যতো মামলা হয় তার চেয়ে অনেক কম হয় নিষ্পত্তি । এক্ষেত্রে কর কর্মকর্তাদেরও গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন মাহমুদুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, এটর্নি জেনারেল অফিস থেকে এনবিআর কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ফাইল বা কাগজপত্র চাওয়া হলে অনেক সময় তারা তা সময়মতো দিতে পারে না। এটা আমাদের জাতীয় চরিত্রেরই একটি অংশ বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৪১৮ঘ.