২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন দরপতনের পর পুঁজিবাজারে লেনদেনে রেকর্ড

টানা তিনদিন দরপতনের পর বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে শেয়ার লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৭ কোটি টাকার ৩ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ১৭০টি শেয়ার লেনদেন হয়। এর আগে ৬১১ কোটি টাকা ছিল এ বাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিনদিন দরপতনের পর বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে শেয়ার লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৭ কোটি টাকার ৩ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ১৭০টি শেয়ার লেনদেন হয়। এর আগে ৬১১ কোটি টাকা ছিল এ বাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। মূলত বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকায় বাজারে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৪ কোটি ৪০ লাখ ৮২ হাজার টাকার মোট ৬ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়। বুধবার লেনদেনের এ অঙ্ক ছিল ৬৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। এদিকে, লেনদেন বাড়লেও মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দুই বাজারেই এদিন সূচক পড়েছে। আনোয়ার সিকিউরিটিজের একজন কর্মকর্তা বলেন, "খুচরা বিনিয়োগকারীদের লাভের আশায় শেয়ার ছেড়ে দিতে দেখা গেছে। তবে বড় বিনিয়োগকারীরা এ সুযোগে শেয়ার কিনেছে।" ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে ভালো অবস্থায় থাকা সাধারণসূচক মধ্যভাগের পর পড়তে শুরু করে। এ বাজারে সাধারণ মূল্যসূচক ৭ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ পড়ে গিয়ে দাঁড়ায় ২৬২২ দশমিক ৭৭ পয়েন্টে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৮ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে হয়েছে ২১৭৯ দশমিক ২৬ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ কমে ২০৬৯ দশমিক ৩৮ পয়েন্ট হয়। লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত ছিল ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অন্যদিকে, ব্লু-চিপ শেয়ারসহ ব্যাংক ও চামড়া খাতের কোম্পানির শেয়ারের দাম পড়ে যাওয়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতন হয়েছে। এ বাজারে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৭৮টির দাম এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫৮ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে ৮০৬৮ দশমিক ৪০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩৮ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে হয়েছে ৫২০৭ দশমিক ০৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১০০ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ কমে ৬২৫৫ দশমিক ৬৯ পয়েন্ট হয়। ডিএসইতে দিনের লেনদেনের তালিকার শীর্ষে ছিল সামিট পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৮ দশমিক ০৮ শতাংশ বেড়ে এক হাজার ১৭৭ টাকা হয়েছে। এর পরে থাকা বেক্সিমকোর শেয়ারের দাম ৫ দশমিক ১২ শতাংশ বেড়ে হয় ২১৭ টাকা ৬০ পয়সা। এছাড়া শীর্ষ দশে থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, এস আলম কোল্ড রোল্ড স্টিল, ইস্টার্ন হাউজিং, আফতাব অটোমোবাইলস ও শাইনপুকুর সিরামিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৮৫৬ঘ.