ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার আবারো ঢাকার পুঁজিবাজারে দর পতন হয়েছে। এনিয়ে পরপর তিন দিন এ বাজারে সূচকে পড়লো।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে ভালো অবস্থায় থাকা সাধারণসূচক মধ্যভাগের পর পড়ে যায়।
ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, সকালের দিকে বড় অঙ্কের শেয়ার লেনদেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার কারণে শুরুতে সূচক ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল।
তবে কোন কোন খাতের লেনদেনে ডিএসই কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে- এমন আতঙ্কে খুচরা বিনোয়াগকারীরা মুনাফা তুলে নিয়েছে।
এর আগে মঙ্গলবার ডিএসই কর্তৃপক্ষ আফতাব অটোমোবাইল ও ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন বন্ধ করে দিলেও বুধবার ইস্টার্ন হাইজিংয়ের লেনদেনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
বুধবার ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ পড়ে গিয়ে দাঁড়ায় ২৬৩০ দশমিক ১৪ পয়েন্টে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে হয়েছে ২১৮৭ দশমিক ৫০ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২০ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে ২০৮২ দশমিক ১৮ পয়েন্ট হয়।
লেনদেন হয় ৫৭৫ কোটি টাকার ৩ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৭৯টি শেয়ার। মঙ্গলবার টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৬ কোটি টাকা।
লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে, ব্লু-চিপ শেয়ারসহ ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম পড়ে যাওয়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতন হয়েছে।
সিএসইতে ৬৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার ৬২ লাখ ৬৫ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন হয়। আগের দিন এই লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৩৬ লাখ টাকা।
এ বাজারে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৬৭টির দাম এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে ৮১২৭ দশমিক ৩২ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে হয়েছে ৫২৪৫ দশমিক ০৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮৬ দশমিক ৯০ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ৬৩৫৬ দশমিক ১৫ পয়েন্ট হয়।
ডিএসইতে দিনের লেনদেনের তালিকার শীর্ষে ছিল সামিট পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬ দশমিক ২৪ শতাংশ বেড়ে এক হাজার ৮৯ টাকা হয়েছে।
এর পরে থাকা বেক্সিমকোর শেয়ারেরদাম ৭ দশমিক ৩০ শতাংশ বেড়ে হয় ২০৭ টাকা।
এছাড়া শীর্ষ দশে থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং, যমুনা অয়েল, বেক্সিমকো ফার্মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/২১৫৫ ঘ.
bdnews24