২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার প্রভাব মোকাবেলায় ২৭ সদস্যের টাস্কফোর্স গঠন

বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব মোকাবেলার জন্য কৌশল স্থির করতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে প্রধান করে ২৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

আবদুর রহিম হারমাছি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব মোকাবেলার জন্য কৌশল স্থির করতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে প্রধান করে ২৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে সরকার। (আরো তথ্যসহ) টাস্কফোর্সে মন্ত্রীদের মধ্য থেকে আছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় অর্থমন্ত্রী নিজে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। অর্থ মন্ত্রী বলেন, টাস্কফোর্সে সরকারি দল আওয়ামী লীগের একজন, প্রধান বিরোধী দল বিএনপি'র একজন এবং জাতীয় পার্টির একজন সদস্যের নাম চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তাদের নাম পাওয়ার পর টাস্কফার্সে তাদেরকে অন্তর্ভূক্ত করা হবে। আবুল মাল আব্দুল মুহিত জানান, টাস্কফোর্স গঠন সংক্রান্ত সরকারি ঘোষণা জারি করতে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারই এ সংক্রান্ত 'প্রজ্ঞাপন' জারির কথা। অর্থমন্ত্রী জানান, টাস্কফোর্সে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি, বিজিএমইএ সভাপতি, বিটিএমএ সভাপতি, বিকেএমইএ সভাপতি, ফ্রোজেন ফুড রপ্তানিকারক সমিতির সভাপতি এবং জুট অ্যাসোসিয়েশনের সভাপতিসহ আরও কয়েকটি বাণিজ্য সংগঠনের প্রতিনিধিকে রাখা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় কয়েক অর্থনীতিবিদ এবং গবেষককেও টাস্কফোর্সের সদস্য করা হয়েছে বলে মুহিত জানান। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অর্থ সচিব মোহাম্মদ তারেক টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাণিজ্য সচিব, বস্ত্র সচিব, কৃষি সচিব ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে থাকবেন। অর্থমন্ত্রী জানান, রাজনৈতিক দলগুলো থেকে নাম পাওয়ার সঙ্গে সঙ্গে টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, " বিশ্ব মহামন্দার কারণে যে সব রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে- তাদের ক্ষতি পুষিয়ে দিতে আগামী মাসের (এপ্রিল) প্রথম দিকেই একটি 'সমন্বিত প্যাকেজ' ঘোষণা করা সম্ভব হবে।" টাস্কফোর্স গঠন প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান দলগুলোকে নিয়ে টাস্কফোর্স গঠন করে সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি এই টাস্কফোর্স বিশ্ব মন্দার প্রভাব মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।" জানুয়ারির শুরুতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থ মন্ত্রী এ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছিলেন। অর্থ মন্ত্রী এর আগে বলেছিলেন, "মন্দা নয়, বিশ্ব অর্থনীতিতে এখন মহামন্দা চলছে। এ মহামন্দা থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়েই টাস্কফোর্স সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে।" অর্থ মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায়, সময়ের অভাবে মঙ্গলবার টাস্কফোর্স গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। বুধবারই তা জারি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯৫০ঘ.