২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় হাজার কোটি টাকার প্যাকেজ চান ব্যবসায়ীরা

বিশ্ব অর্থনীতির চলমান মন্দার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকার 'প্রণোদনামূলক বিশেষ প্যাকেজ' ঘোষণার সুপারিশ করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব অর্থনীতির চলমান মন্দার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকার 'প্রণোদনামূলক বিশেষ প্যাকেজ' ঘোষণার সুপারিশ করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। এফবিসিসিআই এর একটি প্রতিনিধি দল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ সুপারিশ পেশ করেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বিশ্বমন্দার প্রভাব ঠেকাতে 'বিশেষ প্যাকেজ'-এর ব্যবস্থা করা হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বাস দিয়েছেন শেখ হাসিনা। এফবিসিসিআই-এর একটি প্রতিনিধি দল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন বলে জানান তার প্রেস সচিব । আবুল কালাম আজাদ আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন, "সরকাররের পক্ষ থেকে বিশ্বমন্দা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় 'বিশেষ প্যাকেজ'এর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অর্থমন্ত্রীকে এই পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণের নিদের্শও দেওয়া হয়েছে।" সন্ধ্যায় এ প্রসঙ্গে আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক, পাট, চামড়া হিমায়িত খাদ্যসহ অন্যান্য রপ্তানি খাতে বিশ্বমন্দার প্রভাব পড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এ কারণেই আমরা ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন হিসেবে এ ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর কাছে ছয় হাজার কোটি টাকার 'প্রণোদনামূলক বিশেষ প্যাকেজ' ঘোষণার অনুরোধ জানিয়েছি।" প্রধানমন্ত্রী এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে এফবিসিসিআই প্রধান জানান। তিনি বলেন, বিশ্বমন্দার কারণে যে সব খাত বা রপ্তানিকারক ক্ষতিগ্রস্থ হবে তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে এই তহবিল (প্যাকেজ) থেকে প্রয়োজনীয় অর্থ 'ইনসেনটিভ' হিসেবে দেবে সরকার। আমাদের প্রতিযোগী বিভিন্ন দেশ ইতিমধ্যেই এ ধরনের প্যাকেজ ঘোষণা করেছে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, বিশ্বমন্দা মোকাবেলায় আমরা প্রধানমন্ত্রীর কাছে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনেরও অনুরোধ জানিয়েছি। তিনি জানান, এছাড়া বিশ্ব বাণিজ্যের সঙ্গে তালমিলিয়ে চলার জন্য সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে রোববার করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এইচএ/১৯০৯ঘ.