২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জে রেকর্ড ৬০০ কোটি টাকার বেশি লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার রেকর্ড অঙ্ক ৬০০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর আগে এত টাকার শেয়ার লেনদেন কখনোই হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার রেকর্ড অঙ্ক ৬০০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর আগে এত টাকার শেয়ার লেনদেন কখনোই হয়নি। আগের দিন বুধবার ডিএসইতে ৫৮৮ কোটি টাকার ৩ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৪৬২টি শেয়ার লেনদেন হওয়ার পর বৃহস্পতিবার এটি দাঁড়ায় ৬১১ কোটি টাকায়। গত বছরের অক্টোবরে সর্বোচ্চ ৫৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে বাজারে লেনদেন বাড়বে এমনটি আশা করে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠায় লেনদেন বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের শেষদিনটি ছিল চাঙা। এদিন ৭০ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকার মোট ৬২ লাখ ৫৬ হাজার ৯৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার লেনদেন হয় ৬২ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকার। ডিএসইতে দিনের শুরুতে ক্রেতার চাপে সূচক বেড়ে যায়। তবে মাঝামাঝি বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে সূচক কিছুটা পড়ে যায়। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক এক দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে ২৬৫৩ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায়। একই সময় ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ কমে দাঁড়ায় ২২০৬ দশমিক ১৮ পয়েন্টে। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে ২১৪৪ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে এদিন ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম। অর্থনীতিবিদ আবু আহমেদের মতে, "গত কয়েকদিনে বাজারে লেনদেনের গতিধারা পর্যবেক্ষণ করে বিনিয়োগকারীরা লাভের আশায় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। এর প্রভাব পড়েছে লেনদেনে। এতে লেনদেনের অঙ্ক বেড়েছে।" এছাড়া বিভিন্ন কোম্পানির লভ্যাংশ ঘোষণাও বিনিয়োগ বাড়ার অন্যতম কারণ বলে তার ধারণা। এদিকে ইঞ্জিনিয়ারিং, সিরামিক ও টেক্সটাইল খাতের শেয়ারের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) সূচক ছিল ঊর্ধ্বমুখী। সিএসই-তে ৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮১টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৪ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৭৪ দশমিক ৭৪ পয়েন্টে। সার্বিক শেয়ার সূচক ৩৫ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৮১৭২ দশমিক ৭১ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৯ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ বেড়ে ৬৫১৭ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/টিআর/এসকে/২০১৬ ঘ.