২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি খাতের ক্ষত পোষাতে সরকার অর্থ দেবে

বিশ্ব অর্থনীতির মন্দার কারণে দেশের রপ্তানি খাতের ক্ষতিপূরণে সরকার আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির মন্দার কারণে দেশের রপ্তানি খাতের ক্ষতিপূরণে সরকার আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একইসঙ্গে ব্যাংকগলোকেও আর্থিক সহায়তা দিতেও নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "বিশ্ব মন্দার কারণে পাট খাতসহ তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াসহ অন্যান্য রপ্তানি খাত টিকে থাকা কষ্টসাধ্য হবে বলে ধারণা করা হচ্ছে। রপ্তানি খাতের এ ক্ষতি অবশ্যই পুষিয়ে দিতে হবে। চলতি মাসের মধ্যেই এই সব খাতের ক্ষতি পুষিয়ে দিতে একটি 'টোটাল প্যাকেজ' চূড়ান্ত করা হবে।" সব খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেই এই প্যাকেজ তৈরি করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, বিশ্ব মন্দার ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন খাত থেকে নানা ধরনের ডিমান্ড (দাবি) করা হচ্ছে। সব দাবি তো পূরণ করা সম্ভব না। সরকার ও ব্যাংকগুলো মিলিয়ে এই ক্ষতি পুষিয়ে দিতে একটি প্রণোদনামূলক (স্টিমুলাস) প্যাকেজ ঘোষণা করা হবে। ব্যাংকগুলো কেন রপ্তানিকারকদের জন্য সহায়তা দিবে এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলো তাদের নিজেদের ব্যবসার স্বার্থেই রপ্তানিকারকদের জন্য কিছুটা ছাড় দিবে। তারা যে প্রফিট (লাভ) করে, সেখান থেকে কিছুটা এই রপ্তানিকারকদের দিবে। তিনি আরো জানান, সরকার বিভিন্ন রপ্তানি খাতের জন্য যে নগদ আর্থিক ইনসেনটিভ (সহায়তা) দিয়ে থাকে তার পরিমাণ বাড়িয়ে ক্ষতিগ্রস্থ রপ্তানিকারকদের প্রণোদনামূলক সহায়তা দিবে। এছাড়া ব্যাংকগুলো রপ্তানি খাতে তদের ঋণের সুদের হার কমিয়েও বিশ্বমন্দা মোকাবেলায় সহায়তা করতে পারি বলে জানান অর্থমন্ত্রী। রপ্তানি খাতে সরকারের ইনসেনটিভ দেওয়ার উৎসের ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিভিন্ন খাতে ইনসেনটিভের জন্য একটি বরাদ্দ থাকে। এই বরাদ্দ বাজেটের অন্য খাত থেকে এডজাস্ট (সমন্বয়) করে এই অতিরিক্ত ব্যয় মেটানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/জিএনএ/১৪৫৫ ঘ.