ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব ব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
ঢাকা সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গেরেরোর সঙ্গে সচিবালয়ে সোমবার বিকেলে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, "ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি দেশের সার্বিক উন্নয়নে তার কাছে বড় ধরনের সহায়তা চেয়েছি, যাতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়।"
তিনি বলেন, "তারাও সহযোগিতা দিতে রাজি হয়েছে।"
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসাবান্ধব পরিবেশের জন্য প্রচলিত আইনগুলো সময় উপযোগী করে পরিবর্তন করা হবে।
তিনি বলেন, "আমরা দেশে ই-কমার্স চালুর পদক্ষেপ নিচ্ছি।"
বিডিআরের ঘটনায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়া উচিত নয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
ফারুক খান বলেন, "আমি মনে করি, প্রধানমন্ত্রীর নেতৃত্ব্ েসঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।"
বিশ্ব ব্যাংক প্রতিনিধি ইসাবেল এম গেরেরো তিনদিনের সফরে শনিবার ঢাকা এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/এসকে/১৮২৬ঘ.
bdnews24