২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী

কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী মন্তব্য করেছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 06:17 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী মন্তব্য করেছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুইদিনব্যাপী জাতীয় কর্মশালা ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন,'' কেবল গণতন্ত্রই পারে স্থায়ী কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। এজন্যে আমাদেরকে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে।'' চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ' খাদ্য নিরাপত্তা এবং স্থায়িত্বশীল জীবিকায় নবধারা' শীর্ষক এ জাতীয় কর্মশালার আয়োজক হলেন, কৃষি মন্ত্রণালয়, আর্ন্তজাতিক ধান গবেষণা ইন্সটিটিউট, অ্যাকশন এইড, ইউরোপীয় কমিশন, কেয়ার ও প্র্যাকটিক্যাল অ্যাকশন। কর্মশালার পাশাপাশি কৃষি মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে কৃষি, প্রযুক্তি, বীজ উপকরণ স্থান পেয়েছে। মন্ত্রী কর্মশালায় সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত প্রকল্পের কার্যক্রমের সমালোচনা করে বলেন, "প্রকল্পগুলো শেষ পর্যন্ত কেন টিকে না- তা বের করতে হবে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক বছর পর দেখা যায়, জীবনমান সেই আগের মতোই। সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের কাজ হয়েছিল বলে মনে হয় না। '' বিগত সরকারের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন,'' গত দুই বছরের ভূমি রেকর্ড ও ফ্ল্যাট কেনার রেকর্ড দেখলে বোঝা যাবে- কারা বেশি দুর্নীতি করে। কুঁজো কখনও চিত হয়ে শুতে পারে না। তারা এদিক-ওদিক হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় চিত হয়ে ঘুমানো সম্ভব।'' গত ৩৬ বছরে সরকার ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রকল্পের 'মিসিং লিঙ্ক' খুঁজে বের করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "তা না হলে আমাদের লক্ষ্য অর্জিত হবে না।" অনুষ্ঠানে ইরি (আইআরআরআই) এর ডিডিজি ড. এচিম ডেবারম্যান, বাংলাদেশস্থ ইসি প্রতিনিধি মি. মিল্কো ভ্যান গুল, প্রান্তিক কৃষক ফিরোজা বেগম, ফুলেরা বেগম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসকে/১৭১৪ঘ.