ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের বিপুল বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেবেন তিনি।
তিনি বলেন, "বিশ্বমন্দার কারণে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করছে। এ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সরকার, সব বাণিজ্য সংগঠন, বিশেষজ্ঞদের সমন্বয়ে খুব শিগগিরই একটি টাস্ক ফোর্স গঠন করতে সরকারকে অনুরোধ জানাচ্ছি।"
পোষাক শিল্প মালিকদের নব নির্বাচিত এ নেতা আগামী বাজেটে তৈরি পোশাক শিল্প খাতের জন্য ২০০০ কোটি টাকার একটি বিশেষ ফান্ড গঠনের প্রস্তাব করেন সরকারের কাছে।
বিশ্বমন্দার কারণে তৈরি পোশাক কারখানার যেসব মালিক ক্ষতিগ্রস্ত হবেন তাদের এ তহবিল থেকে অপেক্ষাকৃত কম সুদে ঋন দেওয়ার সুপারিশ করেন তিনি।
সালাম মুর্শেদী তার প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান।
সম্মিলিত পরিষদ বিজয়ী হওয়ায় এফবিসিসিআই-এর সভাপতি ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি আনিসুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, কুতুব উদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ'র বর্তমান সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, নির্বাচনে প্রতিদ্বন্ধি ফোরামের দলনেতা শাহাদৎ হোসেন কিরণ সালাম মুর্শেদীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/এআরএইচ/এইচএ/০০৪১ ঘ.
bdnews24