২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানের বিদেশি ঋণ প্রাপ্তিতে শিগগিরই নীতিমালা:গভর্নর

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) যাতে দ্রুত ও সহজে বিদেশি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ পায় সেজন্য খুব শিগগিরই একটি নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) যাতে দ্রুত ও সহজে বিদেশি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ পায় সেজন্য খুব শিগগিরই একটি নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর (ব্যবস্থাপনা পরিচালক) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের গভর্নর এ কথা জানিয়েছেন। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়ে যাওয়ায়ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গভর্নর বলেন, "আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংেকর কাছ থেকে বেশি সুদে টাকা নিয়ে তাদের ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই তাদের তহবিলের সঙ্কট রয়েছে। এ সমস্যা সমাধানের জন্য বিদেশি ঋণ প্রাপ্তি দ্রুত ও সহজ করার জন্য তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু সুপারিশ করেছে।" এসব সুপারিশ বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে খুব শিগগিরই এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করা হবে বলে গভর্নর জানান। সালেহউদ্দিন আহমেদ বলেন, "বার বার তাগাদা দেওয়ার পরও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ কমেনি। বৈঠকে তাদের খেলাপি ঋণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।" এছাড়া যেসব আর্থিক প্রতিষ্ঠান এখনও বাজারে শেয়ার ছাড়েনি তাদের শেয়ার ছাড়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে বলে গভর্নর জানান। বাকি আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ার ছাড়লে বাজার চাঙ্গা হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান আনিস এ খান সাংবাদিকদের বলেন, স্থানীয় ব্যাংকের চড়া সুদের কারণে তারা বিদেশি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চান। " স্থানীয় কোনো ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ১৩ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়। অথচ বিদেশি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে ১২ থেকে সাড়ে ১২ শতাংশ সুদ দিতে হয়", বলেন আনিস এ খান। এদিকে বৈঠকে উত্থাপিত কেন্দ্রীয় ব্যাংকের কার্যপত্রে বলা হয়, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণ বেড়ে গেছে। মোট ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১০টি প্রতিষ্ঠানেরই খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি। আর্থিক প্রতিষ্ঠান খাতে সর্বশেষ শ্রেণী ঋণের এই হিসাব ২০০৮ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ত্রৈমাসিক এই হিসাব অনুযায়ী, সামগ্রিকভাবে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার ৮ শতাংশ। এক বছর আগে খেলাপি ঋণের হার ছিল ৬ শতাংশ। সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ অনেক বেশি হারে বেড়েছে। ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০টি ইতিমধ্যে শেয়ার বাজারে শেয়ার ছেড়ে তাদের মূলধন বাড়িয়েছে। ৩টি প্রতিষ্ঠানকে আইপিও ইস্যুর বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বাকি ৬টি প্রতিষ্ঠানকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং বাংলাদেশ ব্যাংক থেকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা এখনও আইপিও ইস্যু করেনি। আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ অনুযায়ী কোন আর্থিক প্রতিষ্ঠান সরাসরি বৈদেশিক লেনদেন করতে পারে না উল্লেখ করে আনিস এ খান জানান, তাদের কোন ব্যাংক অথবা অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ডিলারের মাধ্যমে ঋণ নিতে হয়। কিন্তু এ ধরনের ঋণ নেওয়ার ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই। তিনি বলেন, "এ কারণেই আমরা বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করার অনুরোধ করেছি।" ৬টি আর্থিক প্রতিষ্ঠান দ্রুত বাজারে শেয়ার ছাড়বে বলে জানান আনিস খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/এসকে/১৯৫১ঘ.