২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদে বাজেট আলোচনা খাতভিত্তিক হওয়া উচিত'

জাতীয় সংসদে বাজেট আলোচনা খাতভিত্তিক হওয়া উচিত বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে বাজেট আলোচনা খাতভিত্তিক হওয়া উচিত বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, "সংসদে বাজেট আলোচনা খাতভিত্তিক হলে ওই আলোচনায় খুটিনাটি অনেক বিষয় বেরিয়ে আসবে। এতে ভালো বাজেট প্রণয়ন সম্ভব হবে।" রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তাদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। আবদুল মজিদ আরো বলেন, "নতুন বাজেটকে সামনে রেখে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে এনবিআরের ধারাবাহিক প্রাক-বাজেট আলোচনার মাধ্যমে জনমত তৈরি হচ্ছে। এটা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন।" দেশের অর্থনীতির জন্য সামগ্রিক নিরাপত্তা প্রয়োজন উল্লেখ করে এনবিআর প্রধান বলেন, "আমাদের অর্থনীতিতে একদিনে হঠাৎ করে সব সমস্যার সমাধান করা যাবে না। ধীরে ধীরে করতে হবে। এ অর্থনীতির জন্য সামগ্রিক নিরাপত্তা দরকার।" এসএমই খাতের জন্য বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও এসএমই ফাউন্ডেশনের পৃথক সংজ্ঞার সমন্বয় দরকার বলেও মনে করেন তিনি। সভায় এসএমই খাতের প্রতিনিধিরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে কর মওকুফের সীমা বাড়ানোর দাবি জানান। সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রতিনিধি মঞ্জুর আহমেদ বলেন, "সমন্বয়ের মাধ্যমে এসএমই খাতের সংজ্ঞা পুনর্নির্ধারণ করা উচিৎ।" এসএমই খাতের জন্য বিদ্যমান সংজ্ঞায় ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে ১৫ লাখ টাকা এবং মাঝারি শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে ২৪ লাখ টাকা পর্যন্ত কর মওকুফের বিধানের কথা তুলে ধরে তিনি বলেন, "বর্তমান পেক্ষাপটে এ সীমা বাড়ানো উচিত।" ক্ষুদ্র শিল্পের জন্য কর মওকুফের সীমা ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা এবং মাঝারি শিল্পের জন্য ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করার প্রস্তাব করেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন বাহাদুর, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ফাউন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুল হক সোহেল, আকতার ফার্নিচারের মালিক আকতার হোসেন প্রমুখ। এনবিআর আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে গতবারের মতো এবারও বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে খাতভিত্তিক প্রাক-বাজেট আলোচনা করছে। গত ২ ফেব্র"য়ারি থেকে শুরু হওয়া এ আলোচনা চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২৩২৭ঘ.