আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে জরুরি অবস্থা চলাকালে আয়কর ফাঁকির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাবগুলোর সিংহভাগ শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
বুধবার বিকেলে জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেয়া প্রসঙ্গে এনবিআর প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, "ঢালাওভাবে জব্দ করা সব ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি অথবা তদন্ত চলছে-কেবল তাদের ব্যাংক হিসাবগুলো আয়কর আইন অনুযায়ী নির্ধারিত কর কেটে রেখে এবং ফাঁকি দেওয়া করের ওপর জরিমানা আদায় করে আপাতত খুলে দেওয়া হবে।
"তবে বিষয়টির এখানেই নিস্পত্তি হবে না। এনবিআরের পক্ষ থেকে এ দুই ধরনের ব্যাংক হিসাবের বিরুদ্ধে আইনী লড়াই অব্যাহত থাকবে।"
আদালতের রায়ের পর ওই হিসাবগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।
তবে ইতিমধ্যে আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন এবং যাদের মামলাগুলো আদালতে বিচারাধীন আছে সে ব্যাংক হিসাবগুলো এখনই খুলে দেয়া হবে না। এ হিসাবগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেয়া হবে-সে ব্যাপারে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। চিঠির উত্তর পাওয়ার পর জব্দ হিসাবগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে আবদুল মজিদ জানান।
এনবিআর চেয়ারম্যান জানান, যাদের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি এবং তদন্ত চলছে তারা তাদের ব্যাংক হিসাব খুলতে চাইলে এনবিআরের কাছে আবেদন করতে হবে। আয়কর বিবরণীতে উল্লেখ করা অর্থের তুলনায় ব্যাংক হিসাবে বেশি অর্থ থাকলে নির্ধারিত হারে কর এবং জরিমানা দিতে হবে হিসাবধারীকে। নির্ধারিত কর অফিসে ব্যাংক ড্রাফট বা চালানপত্র জমা দেওয়ার পর আপাতত খুলে দেওয়া হবে এ দুই ধরনের জব্দ ব্যাংক হিসাব।
জরুরি অবস্থার সময় ২৫২ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে তদন্তের প্রয়োজনে এ সব ব্যক্তির আত্মীয়স্বজনদেরও ব্যাংক হিসাব জব্দ করা হলে জব্দ করা মোট হিসাবের সংখ্যা দাঁড়ায় ৩০৭। এর মধ্যে আদালত ও সরকারের আদেশের কারণে ১৬ জনের ব্যাংক হিসাব খুলে দেয়া হয়। এ তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে তার আবেদনের পরিপ্রেক্ষিতে জব্দ করা হিসাব খুলে দেয়া হয়।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তার জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়ার ব্যাপারে এখনও কোনো আবেদন করেননি।
এর বাইরে ৩৯ জনকে নিম্ন আদালত সম্পত্তি জব্দসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়।
আয়কর আইন অনুযায়ী জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেয়া হচ্ছে বলে এনবিআর চেয়ারম্যান জানান।
জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেয়া নিয়ে বুধবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না।"
জব্দ ব্যাংক হিসাবের মালিকের তালিকায় রাজনীতিবিদ, ব্যবসায়ী-শিল্পপতি ও বেশ কয়েকজন সাবেক আমলার নাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২১২৭ ঘ.
bdnews24