২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলো তাদের সামর্থ্যের চেয়ে অনেক বেশি ঋণ বিতরণ করছে : গভর্নর

অহেতুক প্রতিযোগিতায় নেমে ব্যাংকগুলো তাদের সামর্থ্যের চেয়ে অনেক বেশি ঋণ বিতরণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ১০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অহেতুক প্রতিযোগিতায় নেমে ব্যাংকগুলো তাদের সামর্থ্যের চেয়ে অনেক বেশি ঋণ বিতরণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক দপ্তরে দেশের সব সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক (ব্যাংকার্স বৈঠক) শেষে সাংবাদিকদের গভর্নর একথা বলেন। বৈঠকে ব্যাংকগুলোর প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলার প্রতিশ্র"তি দেন। গভর্নর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত এক বছরে ব্যাংকগুলো (২০০৭ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত) যে অংকের আমানত সংগ্রহ করেছে তার চেয়েও বেশি ঋণ দিয়েছে। আর এই ঋণের বেশির ভাগ তারা অনুৎপাদনশীল খাতে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি জমি কেনা,গাড়ি-বাড়ি ক্রয়-এ ধরনের ভোগ-বিলাসের কথা উল্লেখ করেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ ঘটনাকে ব্যাংকিং খাতের জন্য খুবই উদ্বেগজনক হিসেবে অভিহিত করে কয়েকটি ব্যাংককে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান গভর্নর। সালেহউদ্দিন আহমেদ বলেন, "বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক অহেতুক প্রতিযোগিতায় নেমে তাদের সামর্থ্যের চেয়ে বেশি ঋণ দিয়েছে। তাদের জমি কেনাসহ বিলাসবহুল পণ্য কেনার জন্য ঋণ না দিয়ে উৎপাদনশীল খাতে ঋণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" ব্যাংকার্স বৈঠকে উত্থাপিত কার্যপত্রে বলা হয়, ২০০৭ সালের ডিসেম্বরের তুলনায় ২০০৮ সালের ডিসম্বর পর্যন্ত সার্বিকভাবে ব্যাংকগুলোর আমানতের প্রবৃদ্ধি ঘটেছে ১৯ দশমিক ২ শতাংশ। আর রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি, বিদেশী ও বিশেষায়িত ব্যাংকের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৮ দশমিক ৪ শতাংশ, ২৬ দশমিক ১ শতাংশ, ১৬ দশমিক ৮ শতাংশ ও ১৯ দশমিক ২ শতাংশ। অন্যদিকে এক বছরে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের অংক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ শতাংশ, যা আলোচ্য সময়ে আমানত সংগ্রহের চেয়ে ৩ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি। এ সময়ে সরকারি মালিকানাধীন চার ব্যাংক, বেসরকারি, বিদেশি ও বিশেষায়িত ব্যাংকের ঋণ বিতরণের হার বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১০ দশমিক ৪ শতাংশ, ৩০ দশমিক ৯ শতাংশ, ১০ দশমিক ৮ শতাংশ ও ১৩ দশমিক ৮ শতাংশ। কার্যপত্রে আরও বলা হয়, সাতটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের আমানত প্রবৃদ্ধির তুলনায় ঋণ দেওয়ার হার বেশি হওয়ায় তাদের ঋণ-আমানত হার (অনুপাত) অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এই সাত ব্যাংকের ঋণ-আমানত হার ৮৫ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যা ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমানতের চেয়ে বেশি অংকের ঋণ দেওয়ায় এই সাত ব্যাংক কলমানি মার্কেট (আন্ত:ব্যাংক মুদ্রাবাজার) থেকে অব্যাহতভাবে ঋণ নিয়েছে, যা উদ্বেগজনক। এই অবস্থা থেকে প্রতীয়মান হয় যে, এই ব্যাংকগুলো সামর্থের চেয়ে বেশি ঋণ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যপত্রে আরও বলা হয়, ব্যাংকগুলোর ঋণ-আমানত হারের নির্ধারিত সর্বোচ্চ মাত্রা ৮২ শতাংশ। কিন্তু সাতটি বেসরকারি ব্যাংক এ হার অতিক্রম করেছে। যে সাতটি ব্যাংকের ঋণ-আমানত হার ৮২ শতাংশের বেশি, সেগুলো হচ্ছে, এবি ব্যাংক ৯১ দশমিক ৫৭ শতাংশ, এনসিসিবিএল ৯৫ দশমিক ৬৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৯৭ দশমিক ৯৬ শতাংশ, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ৯৬ দশমিক ৩০ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৮৮ দশমিক ২৪ শতাংশ, শাহজালাল ব্যাংক ৯৫ দশমিক ০১ শতাংশ, ব্র্যাক ব্যাংক ৮৮ দশমিক ৪৫ শতাংশ। বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট সক্রিয়ভাবে বিবেচনায় রেখে যাচাই-বাছাই করে সতর্কতার সঙ্গে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, "ভালোভাবে যাচাই-বাছাই না করে ঋণ দেওয়ার ফলে পশ্চিমা দেশগুলোর ব্যাংকিং খাত বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখে আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।" বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অঙ্ক কমে আসছে বলে সালেহউদ্দিন আহমেদ জানান। বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি কাজী মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, "দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে ২০০৭ সালে ব্যাংকগুলোর ঋণ বিতরণের হার কিছুটা কম ছিল। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০০৮ সালে ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ বেড়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলবো।" বৈঠকে সব ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/এসকে/১৮৫৮ঘ.