২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের জন্য ফের ন্যুনতম মজুরি নির্ধারণের উদ্যোগ

গার্মেন্টসহ বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য সরকার আবারো নতুন করে ন্যুনতম মজুরি নির্ধারণ এবং মজুরি বোর্ড গঠণের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টসহ বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য সরকার আবারো নতুন করে ন্যুনতম মজুরি নির্ধারণ এবং মজুরি বোর্ড গঠণের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের একথা বলেন। সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে বিজিএমইএ'র একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায়, সেজন্য সরকার কাজ শুরু করেছে। এ ব্যাপারে এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। খুব শিগগিরই নতুন মজুরি বোর্ড গঠন করা হবে।" তিনি বলেন, "সংগৃহিত তথ্যের ভিত্তিতে মালিক, শ্রমিক ও মজুরি বোর্ডের সঙ্গে আলোচনা করে ন্যুনতম মজুরি ঘোষণা করা হবে, যাতে মালিক ও শ্রমিক, কোন পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সরকার খেয়াল রাখবে।" মন্ত্রী মালিকদের প্রতি অন্যায়ভাবে শ্রমিক ছাটাই বা তাদের বঞ্চিত না করারও আহ্বান জানান। তবে বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ সাংবাদিকদের জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বর্তমানে আমাদের পক্ষে এই শিল্পকে টিকিয়ে রাখাই কষ্টকর হয়ে পড়েছে। গত দু'মাসে দেশের গার্মেন্টসের শিল্পের ক্রয়াদেশ অনেক কমে গেছে। তিনি বলেন, ক্রেতারা আগের দামে গার্মেন্টস শিল্প সামগ্রী কেনার আগ্রহ দেখাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে আগামী মার্চ ও এপ্রিলে রপ্তানি অনেক কমে যাবে ও অনেক শিল্পই বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় বেতন বাড়ানো কোনভাবেই সম্ভব নয়, বরং সরকার সহায়তা না করলে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় সরকার টাকার অবমূল্যায়ন করে এ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারে। যদিও অবমূল্যায়ন স্থায়ী কোন সমাধান নয়। তবে এক্ষেত্রে সরকার রপ্তানিকারকদের জন্য বিশেষ সুবিধারও ব্যবস্থা করতে পারে বলে তিনি পরামর্শ দেন। এছাড়া একই দিন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের জানান, "কানাডায় বাংলাদেশী শ্রমিক রপ্তানির ব্যাপারে আলোচনা করা হয়েছে। তিনি জানিয়েছেন, কানাডায় শ্রমিকের ব্যাপক অভাব রয়েছে। আর বাংলাদেশে জনবলের অভাব নেই। এই জনবলকে জনশক্তিতে রুপান্তর করে কানাডায় রপ্তানি করা যেতে পারে। তবে বাংলাদেশ জানে না দেশে দক্ষ শ্রমিকের সংখ্যা কত? তিনি বলেন, "এ ব্যাপারে একটি জরিপ করার জন্য এরই মধ্যে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছি। তারা একটি জরিপ করছে। তাদের জরিপের তথ্য পাওয়ার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৮০১ঘ.