ঢাকা, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আফ্রিকার স্বঘোষিত প্রজাতন্ত্র সোমালিল্যান্ডের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ কোটি ৩০ লাখ টাকার (১৫ লাখ মার্কিন ডলার) রপ্তানি চুক্তি সই করেছে প্রাণ এক্সপোর্টস লিমিটেড।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রাণ এক্সপোর্টস লিমিটেড-এর জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর পরমউদ্দিন হোসেন এবং সোমালিল্যান্ডের 'হাদ্রায়ি ট্রেডিং এস্টাবলিসমেন্ট' এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ওমর আবদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
প্রাণ এক্সপোর্টস লিমিটেড -এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাণ আরএফএল গ্র"পের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহতাব উদ্দিন আহমেদ জানান, প্রাণের উৎপাদিত পণ্য আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ৭০টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লে. কর্নেল মাহতাব উদ্দিন আহমেদ, প্রাণ এক্সপোর্টস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার (এক্সপোর্ট) মো. মিজানুর রহমান, ম্যানেজার (এক্সপোর্ট) মো. মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার (মার্কেটিং) মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/০০০৫ ঘ.
bdnews24