২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘোষিত আয় বিনিয়োগের বিষয়টি আগামী বাজেটে বিবেচনা করা হবে

পুঁজিবাজার চাঙ্গা করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী বাজেটে অপ্রদর্শিত বা অঘোষিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুঁজিবাজার চাঙ্গা করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী বাজেটে অপ্রদর্শিত বা অঘোষিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে পুঁজিবাজার-সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্মকর্তা, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন অর্থমন্ত্রী। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটাই ছিল শেয়ার বাজার নিয়ে অর্থমন্ত্রীর আনুষ্ঠানিক প্রথম বৈঠক। রাজধানীর মতিঝিলে এসইসি দপ্তরে এ বৈঠকের আয়োজন করা হয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার থাকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "সরকার প্রতি বছর ২৫ শতাংশ হারে বিনিয়োগ বাড়াতে চায়। এর সিংহভাগই আমরা পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে চাই। এ জন্য বিও অ্যাকাউন্টের (শেয়ার লেনদেনের জন্য ব্যবহৃত হিসাব) সংখ্যা ১৯ লাখ থেকে ৫০ লাখে উন্নীত করা হবে।" মন্ত্রী জানান, এ মাসের মধ্যে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহেই বাজারে আইপিও (ইনিশিয়াল প্রাইমারি অফার) ছাড়ার প্রক্রিয়া সহজ এবং যথাযথ মূল্য নির্ধারণের লক্ষ্যে (প্রাইমারি মূল্য) 'বুক বিল্ডিং সিস্টেম অব আইপিও প্রসেসিং' ব্যবস্থা চালু করা হবে। এছাড়া আরও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার দ্রুত বাজারে ছাড়া হবে বলে জানান মুহিত। অর্থমন্ত্রী এসময় আরো বলেন, আমাদের বাজারে বিদেশী বিনিয়োগ মোট বিনিয়োগের মাত্র ২ থেকে ৩ শতাংশ বলে বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব শেয়ার বাজারে খুব একটা পড়েনি। তবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য হ্রাস এবং ব্যাংকগুলোর ব্যবসা কমে যাওয়ায় ব্যাংকের শেয়ারের ওপর কিছুটা প্রভাব পড়ছে বলে মনে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/এসকে/১৯৫২ঘ.