২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত দ্রুত সম্ভব টিসিবিকে কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী ফারুক খান সম্ভাব্যতা যাচাই কমিটির প্রতিবেদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ফারুক খান এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাণিজ্য মন্ত্রী ফারুক খান সম্ভাব্যতা যাচাই কমিটির প্রতিবেদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ফারুক খান এ কথা জানান। নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর সিদ্ধান্ত প্রস্তাব প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "টিসিবিকে কার্যকর করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঐ কমিটির প্রতিবেদন এই মাসের (ফেব্র"য়ারি) মধ্যেই পাওয়া যাবে। এই প্রতিবেদন পাওয়ার পরই টিসিবিকে কার্যকর করার কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।" এর আগে কবরী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে সক্রিয় করার জন্য বেসরকারি দিবসে এই সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও স্থিতিশীল রাখতে টিসিবি সব সময়ই দায়িত্ব পালন করেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ১৯৭২ সালে এক হাজার ৪০৬ জনকে নিয়ে কার্যক্রম শুরু হলেও চার দলীয় জোট সরকারের সময় তা ২৩২ এ নামিয়ে আনা হয়। এই প্রস্তাবের ওপর গোলাম দস্তগীর, নজরুল ইসলাম বাবু, এ কে এম রহমতউল্লাহ, ফজলুল অজিম, মোঃ ইসরাফিল আলম এবং আনিসুল ইসলাম মন্ডল বক্তব্য দেন। সবাই টিসিবিকে কার্যকর করার জন্য আহবান জানান। বাণিজ্য মন্ত্রীর আশ্বাসের পর সারাহ বেগম কবরী তার প্রস্তাব প্রত্যাহার করেন। এসময় তাকে 'মিষ্টি মেয়ে' (চলচ্চিত্রাঙ্গনে কবরীর এক সময়ের আদুরে নাম) আখ্যায়িত করে একটু হালকা রস ছড়িয়ে দেন ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী। এর আগে, গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নবম জাতীয় সংসদ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট- ৩ আসনে আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার বিষয় প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। বেসরকারি দিবসে সিদ্ধান্ত পাসের ঘটনা এর আগে খুব একটা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এসকে/২২০২ঘ.