ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের মধ্যে দেশ থেকে ভিক্ষাবৃত্তি চিরতরে 'খতম' করার অঙ্গীকার করেছেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশের ৫০টি এনজিওকে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের দেশ থেকে ভিক্ষাবৃত্তি খতম করতে হবে। পাঁচ বছর পর আমরা দেশে কোন ভিক্ষুক দেখতে চাইনা। আশা করছি, আমাদের সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকাকালেই আমরা ভিক্ষাবৃত্তি দূর করতে পারব।"
'এনজিও ফাউন্ডেশন' এ অনুষ্ঠানের আয়োজন করে ।
অর্থমন্ত্রী বলেন, "কয়েক বছর আগে দেশে ভিক্ষুকের সংখ্যা ছিল ছয় লাখের মত। এ সংখ্যা এখন হয়ত আরো কিছু বেড়েছে। কিন্তু এ ভিক্ষাবৃত্তির সমস্যা দূর করা তেমন কোন কঠিন কাজ নয়। একটু আন্তরিক হলেই এটি দূর করা সম্ভব।"
তিনি বলেন, "গ্রামের চেয়ে শহরে ভিক্ষুকের সংখ্যা বেশি। শহরের ভিক্ষুকদেরকে অন্য কোন কাজ দিয়ে পুনর্বাসন করতে হবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের দেশে কার্যকর কোন মডেল নেই। গ্রাম ও শহরের ভিক্ষাবৃত্তি দূর করতে একটি সমন্বিত মডেল তৈরী করতে হবে। এনজিওসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটি মডেল তৈরি করে আমরা ভিক্ষাবৃত্তি দূর করতে কাজ শুরু করব।"
দেশের বিদ্যমান এনজিওগুলোকে তিনটি বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি। বিষয়গুলো হল- ভিক্ষাবৃত্তি দূরীকরণ, দেশের বিভিন্ন স্থানে পাঠাগার স্থাপন এবং বস্তি সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বস্তি সমস্যার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "রাজধানীতেই এ সমস্যা সবচেয়ে বেশি। এখানে সরকারি জমিতে দখলদাররা বস্তি স্থাপন করে চাঁদাবাজি করে। এ বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রেও একটি মডেল তৈরি করতে হবে।"
এ বিষয়ে তিনি আরো বলেন, "ভারত পাটনার একটি বস্তি উচ্ছেদ করে ওই জায়গায় বস্তিবাসীদের পুনর্বাসনের একটি সুন্দর ব্যবস্থা করে পৃথিবীব্যাপী আলোচিত হয়েছে। আমাদেরকে ওই বিষয়টিকে সামনে রেখে একটি মডেল তৈরি করতে হবে।"
অনুষ্ঠানে দেশের ৫০টি এনজিও'র মধ্যে ৭৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান এবং নির্বাহী পরিচালক শাহরিয়ার পারভেজ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এজে/জিএনএ/১১৪৫ ঘ.
bdnews24