২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিফা ও ট্র্যানজিট অবশ্যই জাতীয় সংসদে আলোচিত হবে: বাণিজ্যমন্ত্রী

সরকার কোনো দেশের সঙ্গেই কোনো গোপন চুক্তি করবে না বলে জানালেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বুধবার বিকেলে সচিবালয়ে বিশ্ব বণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ইস্যু নিয়ে গঠিত সরকারের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ০৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকার কোনো দেশের সঙ্গেই কোনো গোপন চুক্তি করবে না বলে জানালেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বুধবার বিকেলে সচিবালয়ে বিশ্ব বণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ইস্যু নিয়ে গঠিত সরকারের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী এসময় বলেন, সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) ও ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তি করার ব্যাপারে যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা নিয়ে অবশ্যই জাতীয় সংসদে আলোচনা হবে। দেশের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে এ দুই চুক্তির খসড়া তৈরি করা হবে। এর পর ভালো-মন্দ যাচাই-বাছাইয়ের জন্য তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার পর যদি দেশের অর্থনীতির জন্য ভালো হয় তাহলেই কেবল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা ও ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তি করবে বলে বাণিজ্যমন্ত্রী জানান। এ দু'টি চুক্তি করার আগে তা জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা, এ প্রশ্নের উত্তরে ফারুক খান বলেন, "গোপন চুক্তি আমরা কারো সাথেই করবো না। চুক্তির খসড়া নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে যে আলোচনা হবে তা প্রচার মাধ্যমে প্রচার করা হবে। কোনো ধরনের গোপনীয়তার আশ্রয় নেওয়া হবে না।" বাণিজ্যমন্ত্রী বলেন, "এ চুক্তি দু'টি (টিফা ও ট্র্যানজিট) খুবই স্পর্শকাতর বিষয়। আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।" এর আগে গত মঙ্গলবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) এক সভায় ফারুক খান জানিয়েছিলেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা ও ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাবে। বুধবারের ডব্লিউটিও বিষয়ক কমিটির বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নত দেশের বাজারে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের (এলডিসি) বাজার সুবিধা আদায়ের জন্য এলডিসিভূক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে দর কষাকষি করতে হবে। 'এইড ফর ট্রেড'-এ বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করে উন্নত দেশের কাছ থেকে স্বল্পোন্নত দেশের অধিকার আদায় করে নিতে হবে। স্বল্পোন্নত দেশের মধ্যে বিভেদ দেখা দিলে উন্নত দেশের কাছ থেকে কোনো বাজার সুবিধা আদায় করা সম্ভব হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, এলডিসিভূক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান খুবই জরুরি। এ বিষয়টি বিবেচনায় রেখে এলডিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মিশন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স- বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) চেয়ারম্যান এম এ তসলিম, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের কর্মকর্তারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/এসকে/২০৪৮ঘ.