ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার রপ্তানি আদেশ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
গত কয়েকবছর রপ্তানি আদেশ কমেছিল।
এদিকে এবার মেলার প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে।
মেলার প্রস্তুতি উপলক্ষে সোমবার শেরে বাংলা নগর মেলা মাঠে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এবারের মেলা থেকে থেকে সম্ভাব্য ১৩ কোটি ৮২ লাখ টাকা আয় ধরা হয়েছে। এরমধ্যে ৮ কোটি ৫৬ লাখ টাকা খরচ করে বাকি অর্থ সম্ভাব্য উদ্বৃত্ত হিসেবে রাখা হয়েছে।
মেলায় মোট স্টল ও প্যাভেলিয়ন থাকবে ৪৮৬টি। স্থানীয় ছাড়াও মেলায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ ১০টি দেশের পণ্য বিক্রি ও প্রদর্শিত হবে।
গত কয়েকবছরে রপ্তানি আদেশ কমলেও এবারের মেলায় তা বাড়বে বলে আশা করছেন ফারুক খান।
তিনি বলেন, "আশা করছি এবারের মেলায় ভালো ফল পাবো।"
২০০৬ সালের মেলায় পণ্য রপ্তানির আদেশ পাওয়া গিয়েছিল ২৪ কোটি ৬৮ লাখ টাকার। ২০০৮ সালে তা কমে ২২ কোটি ৬ লাখ এবং ২০০৯ সালে ১৯ কোটি ৯১ লাখ টাকায় দাঁড়ায়।
এদিকে টয়লেট সুবিধা বাড়ানোর পাশাপাশি মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করতে টিকিটের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
১ জানুয়ারি থেকে মাসব্যাপী এ মেলায় প্রবেশ মূল্য ঠিক করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ১৫ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা।
আগের বছর প্রবেশ মূল্য ছিল যথাক্রমে ১২ ও ৭ টাকা।
বাণিজ্য মেলা আগামী বছর থেকে তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দরের রানওয়ের পাশে আয়োজনের সিদ্ধান্ত কথাও উল্লেখ করেন ফারুক খান।
পুরনো বিমানবন্দর এলাকায় আন্তর্জাতিক মানের একটি মেলা মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ২৬৫ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ২২০ কোটি টাকা দেবে চীন। এ নিয়ে দেশটির সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/২০১৯ঘ.
bdnews24