২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫টি বিদ্যুৎ প্রকল্পের দরপত্র অনুমোদন

৫৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পাঁচটি ভাড়ায় চালিত বিদ্যুৎ প্রকল্পের দরপত্র অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পাঁচটি ভাড়ায় চালিত বিদ্যুৎ প্রকল্পের দরপত্র অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। (আরো তথ্যসহ) সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের একথা জানান। বড় বড় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ২০১০ সালের মধ্যে দরপত্র (টেন্ডার) সংক্রান্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করার অর্থমন্ত্রীর ঘোষণার একদিনের মধ্যেই এ অনুমোদন দেওয়া হলো। যুগ্ম সচিব নূরুল করিম জানান, বরিশালে ৫০ মেগাওয়াট, জামালপুরে ৩০ মেগাওয়াট ও যশোরের নোয়াপাড়ায় ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ফার্নেস অয়েল ব্যবহারযোগ্য বিদ্যুৎ কেন্দ্র এবং কুষ্টিয়ার ভেড়ামারায় ১০০ মেগাওয়াট ও ঠাকুরগাঁওয়ে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপত্র অনুমোদন করা হয়েছে। এর মধ্যে বরিশালে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দায়িত্ব পেয়েছে কোস্টাল সাবা পাওয়ার, লেস কাসকেইড বিল্ডিং ও পোর্ট লরিয়েস মরিশাস অ্যান্ড জেনারেল টারবাইন সিস্টেম। কোম্পানিগুলো পাঁচ বছরের জন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে এবং সরকারের কাছে প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ সাত দশমিক ১৪০৬ টাকা দামে বিক্রি করবে। রহিম আফরোজের জেভিসি কোম্পানি ও গিগাওয়াট পাওয়ার ইনকরপোরেট জামালপুরে পাঁচ বছর মেয়াদে ৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে। এ কোম্পানি সরকারের কাছে প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ সাত দশমিক ৪৯৫২ টাকা দামে বিক্রি করবে। অটবি'র জেভিসি যশোরের নোয়াপাড়ায় ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ভাড়ায় চালিত কেন্দ্র স্থাপনের দায়িত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটি সরকারের কাছে সাত দশমিক ২৯০৯ টাকা প্রতি কিলোওয়াট/ঘণ্টা দরে বিদ্যুৎ বিক্রি করবে। কুষ্টিয়ার ভেড়ামারায় ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ডিজেল চালিত কেন্দ্র স্থাপনের দায়িত্ব পেয়েছে অটবি'র জেভিসি এবং সান্তাউ এসইজেড গ্যাস টারবাইন। ডিজেল চালিত এ কেন্দ্র থেকে সরকার ১২ দশমিক ৫৮৯৬ টাকা প্রতি কিলোওয়াট/ঘণ্টা দরে বিদ্যুৎ কিনবে। ঠাকুরগাঁওয়ে ৫০ মেগাওয়াট ক্ষমতার ডিজেল চালিত কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে রহিম আফরোজের জেভিসি এবং গিগাবাইট পাওয়ার কোম্পানি। ডিজেল চালিত এ কেন্দ্র থেকে সরকার ১৩ দশমিক ৭৪২৬ টাকা প্রতি কিলোওয়াট/ঘণ্টা দরে বিদ্যুৎ কিনবে। সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) জন্য সাড়ে তিন লাখ সিঙ্গেল ফেজ বৈদ্যুতিক মিটার আমদানির দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়। এ কাজটি যৌথভাবে পেয়েছে টেকনো ইলেকট্রিক্যাল এবং গজ ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। এতে সরকারের ব্যয় হবে প্রায় ২৭ কোটি দুই লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। সভায় ২০১০ সালের বিভিন্ন প্রান্তিকের জন্য ছয়টি প্যাকেজের আওতায় ২৬ লাখ মেট্রিক টন ডিজেল ও জেট এ-১ জ্বালানি তেল আমদানির প্রিমিয়াম অনুমোদন করা হয়। ফিলিপাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত ও কুয়েত থেকে এসব জ্বালানি আমদানি করা হবে। কমিটির সদস্য খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল করিম, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন ও বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২১৫ঘ.