ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাবের বিপরীতে এখন থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ (ফি) নিতে পারবে না ব্যাংকগুলো।
সেই সঙ্গে বিনা ফিতে বছরে দুইবার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে গ্রাহকদের।
মঙ্গলবার আরো বেশ কিছু নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারটি মঙ্গলবারই সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এছাড়া হিসাব রক্ষণাবেক্ষণ ও আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রয়োজনীয় সেবার বিপরীতেও চার্জ, ফি এবং কমিশন কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন বছরের শুরুর দিন থেকেই অর্থাৎ ২০১০ সালের ১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে বলে সার্কুলারে বলা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা (কেন্দ্রীয় ব্যাংক) সব ধরনের ব্যাংক সেবার চার্জ কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে চাই। এ কারণে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হবে।"
"কোনো ব্যাংক অযৌক্তিক কোনো চার্জ আদায় করবে না এটা আমরা নিশ্চিত করতে চাই"- বলেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান।
গভর্নর জানান, অনেক দিন ধরেই ব্যাংক সেবার বিপরীতে নেওয়া চার্জ, ফি ও কমিশনের যৌক্তিকীকরণের জন্য কাজ করছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে এ বিষয়ে অনেকগুলো সার্কুলারও জারি করা হয়েছে। কিন্তু এরপরও বিভিন্ন সেবা ও তার চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ আসছে। এছাড়া ব্যাংকগুলোর কিছু 'অযৌক্তিক' চার্জও রয়েছে।
এসব অযৌক্তিক চার্জ নেওয়া বন্ধ এবং যে সব খাতে চার্জ প্রযোজ্য তা যৌক্তিক করার জন্য অতীতের সব সার্কুলারকে একীভূত করে এবং দু-একটি বিষয়ে নতুন নির্দেশনা দিয়ে এই 'মাস্টার সার্কুলার' জারি করা হয়েছে বলে জানান তিনি।
গত মাসেও (নভেম্বর) ব্যাংকের কিছু সেবার চার্জ কমিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
'মাস্টার সার্কুলারে' বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো সঞ্চয়ী ও চলতি হিসাবে মিনিমাম ব্যালান্স ফি, ইনসিডেন্টাল চার্জ, লেজার ফি, সার্ভিস চার্জ আদায় করতে পারবে না। তবে এসব হিসাবে অ্যাকাউন্ট মেইনটেইন ফি প্রযোজ্য হবে। ষান্মাসিক ভিত্তিতে সঞ্চয়ী হিসাবে ৩০০ টাকা এবং চলতি হিসাবে ৫০০ টাকা ফি আদায় করতে পারবে ব্যাংকগুলো।
গ্রাহকরা ষান্মাসিক ও বাৎসরিক ভিত্তিতে বছরে দুবার বিনা ফি তে ব্যাংক স্টেটমেন্ট নিতে পারবে। তবে দুবারের বেশি সনদ দেওয়ার ক্ষেত্রে প্রতিবার ব্যাংক ২০০ টাকা চার্জ নিতে পারবে। বিভিন্ন মাসিক সঞ্চয়ী হিসাব বা স্কীম মেয়াদপুর্তির আগে নগদায়নের ক্ষেত্রে নগদায়ন ফি বা অনুরূপ অন্য কোন ফি আদায় করা যাবে না। চলতি হিসাব বন্ধের ক্ষেত্রে ৩০০ টাকা এবং সঞ্চয়ী হিসাব বন্ধের ক্ষেত্রে ২০০ টাকা চার্জ আরোপ করতে পারবে ব্যাংক।
তবে ব্যাংকগুলো কাউন্টার ট্রানজেকশন ফি আদায় করতে পারবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে, সাইট এলসি খোলার কমিশন প্রতি ত্রৈমাসিকে সর্বোচ্চ দশমিক ৪০ শতাংশ, ডেফার্ড এলসি খোলার কমিশন প্রতি ত্রৈমাসিকে সর্বোচ্চ দশমিক ৫০ শতাংশ, নগদ মার্জিনে এলসি খোলার কমিশন প্রতি ত্রৈমাসিকে সর্বোচ্চ দশমিক ২৫ শতাংশ এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার চার্জ প্রতি ত্রৈমাসিকে সর্বোচ্চ দশমিক ৪০ শতাংশ নির্ধারিত হবে।
এলসি অ্যাডভাইজিং চার্জ, এলসি অ্যামেন্ডমেন্ট ও এলসি ট্র্যান্সফার চার্জ সর্বোচ্চ ৭৫০ টাকা নেওয়া যাবে। এলসি অ্যাকসেপটেন্স চার্জ প্রতি ত্রৈমাসিকে সর্বোচ্চ হার দশমিক ৪০ শতাংশ এবং স্থানীয় কনফারমেশনের ক্ষেত্রে সর্বোচ্চ হার দশমিক ২০ শতাংশ নির্ধারিত হবে।
ফরেন করেসপন্ডেন্স চার্জ (স্থানীয় অংশ), ডাটা ম্যাক্স, হ্যান্ডলিং চার্জ, কপি ডকুমেন্ট এনডোর্সমেন্ট চার্জ, এলসি বাতিল কিংবা মেয়াদোত্তীর্ণ অব্যবহৃত এলসি চার্জ আদায় করা যাবে না।
রপ্তানি বিল নেগোশিয়েশন কমিশন ও রপ্তানি বিল কালেকশন কমিশন সর্বোচ্চ দশমিক ১৫ শতাংশ নির্ধারিত হবে। ব্যাক টু ব্যাক এলসি সার্টিফিকেট চার্জ, সিএন্ড এফ সার্টিফিকেট ইস্যুর চার্জ, রপ্তানি মূল্য আদায়ের সার্টিফিকেট ইস্যুর চার্জ ৫০০ টাকার বেশি আদায় করা যাবে না। বিও একাউন্ট খোলার ক্ষেত্রে বিও সনদ প্রদানের চার্জ ১০০ টাকার বেশি নেওয়া যাবে না। ঋণ নির্দিষ্ট মেয়াদের পূর্বে পরিশোধের ক্ষেত্রে বকেয়া ঋণের ২ শতাংশের বেশি বা অনুরূপ ফি হিসাবে আদায় করা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩০০ঘ.
bdnews24