২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা কিছু করতে পারেনি তাদের সুযোগ দিতে হবে: মুহিত

তত্ত্বাবধায়ক সরকারের সময় 'ক্ষতিগ্রস্ত' শিল্পপতিদের ঋণ পুনঃতফশিলের বিশেষ সুযোগ দেওয়ার ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বললেন, এর ফলে ব্যবসায়ী- শিল্পপতিরা আশ্বস্ত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় 'ক্ষতিগ্রস্ত' শিল্পপতিদের ঋণ পুনঃতফশিলের বিশেষ সুযোগ দেওয়ার ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বললেন, এর ফলে ব্যবসায়ী- শিল্পপতিরা আশ্বস্ত হবেন। ঋণ শৃঙ্খলায় কোনো সমস্যার সম্ভাবনা নাকচ করে দিয়ে আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "যারা (ব্যবসায়ী-শিল্পপতি) তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছুই করতে পারেনি তাদের কাজ করার সুযোগ দিতে হবে।" মন্ত্রী বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সোমবার বাংলাদেশ ব্যাংক গত তত্ত্বাবধায়ক সরকারের সময় 'ক্ষতিগ্রস্ত' ব্যবসায়ীদের কোনো ধরনের ডাউন পেমেন্ট ছাড়া ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার জন্য একটি সার্কুলার জারি করে। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক, দেশান্তরী, ব্যাংক হিসাব জব্দ এবং হুলিয়ার কারণে যে সব ব্যবসায়ী-শিল্পপতির শিল্প-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কেবলমাত্র তাদের খেলাপি ঋণ কোনো ধরনের ডাউন পেমেন্ট (এককালীন জমা) ছাড়াই পুনঃতফসিলের সুযোগ দেবে। ওই ব্যবসায়ী-শিল্পপতিদের ক্ষতি পুষিয়ে দিতে এবং তাদের মধ্যে পুরোপুরি আস্থা ফিরিয়ে আনতেই কেন্দ্রীয় ব্যাংককে এ সংক্রান্ত সার্কুলার জারি করতে বলা হয়েছিল বলে জানান তিনি। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে যে সব শিল্প-প্রতিষ্ঠানের উৎপাদন কর্মকাণ্ড বন্ধ ছিল বা স্থবির হয়ে পড়েছিল সেগুলো আবার চালু হবে। অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ সিদ্ধান্তের ফলে ব্যাংকিং খাতের ঋণ-শৃংখলায় কোনো সমস্যা হবে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "না এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যারা (ব্যবসায়ী-শিল্পপতি) তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছুই করতে পারেনি তাদের কাজ করার সুযোগ দিতে হবে।" তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেবল তারাই এ সুযোগ পাবে বলে জানান অর্থমন্ত্রী। বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা ইতিমধ্যে কেটে যেতে শুরু করেছে দাবি করে মুহিত বলেন, বিনিয়োগ বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। "ডাউন্ট পেমেন্ট ছাড়া খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ায় ব্যবসায়ী- শিল্পপতিরা আশ্বস্ত হবে। তাদের মধ্যে আস্থা ফিরে আসবে", বলেন অর্থমন্ত্রী। এক/এগারোর পর ক্ষমতাসীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় দেশে নতুন বিনিয়োগ কমে যায়। অনেক উদ্যোক্তা ধরপাকড়ের আশঙ্কায় দেশ ছেড়ে পর্যন্ত পালান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৮৫৫ঘ.