২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পোশাক মালিক-শ্রমিকদের একসঙ্গে কাজ করতে হবে'

তৈরি পোশাক শিল্প মালিক-শ্রমিকদের একসঙ্গে কাজ করে দেশের অর্থনীতি সচল রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্প মালিক-শ্রমিকদের একসঙ্গে কাজ করে দেশের অর্থনীতি সচল রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "মালিকদের দায়িত্ব শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা দেওয়া। আর শ্রমিকদের দায়িত্ব উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখা।" শুক্রবার নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে শ্রমিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পোশাক খাতে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য এ মালিক-শ্রমিক উভয় পক্ষকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। নিট পোশাক শিল্প মালিক সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) দ্বিতীয়বারের মতো দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, এবারের উৎসবে প্রায় ১ লাখ শ্রমিকের সমাবেশ ঘটেছে। মালিক-শ্রমিকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এ উৎসবের আয়োজন, বলেন তিনি। উৎসবে অংশ নেওয়া ফতুল্লা অ্যাপারেলস-এর শ্রমিক নূপুর আকতার বলেন, "আজ আমাদের ছুটি উৎসর ও আনন্দের দিন। প্রতি বছর অন্তত একদিন আমরা এ ধরনের উৎসব চাই। আমরা কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষ চাই না। সুন্দরভাবে কাজ করে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।" স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এত বড় শ্রমিক উৎসবের আয়োজন করে পোশাক শিল্প মালিকরা প্রমাণ করেছে, তারা শুধু শ্রমিকদের বেতন-ভাতাই দেন না, বিনোদনেরও ব্যবস্থা করেন।" একসঙ্গে কাজ করে উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশের মোট রপ্তানি আয়ের বেশিরভাগই আসে তৈরি পোশাক থেকে। তাই কোনো অবস্থাতেই যাতে এ শিল্পের উৎপাদন ব্যাহত না হয়, সে জন্য উভয়কেই সতর্ক থাকতে হবে।" টুকু বলেন, "আমি চাই এ উৎসবের পর আর কোনো শ্রমিক নির্যাতিত হবে না।" নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। চীন ও তুরস্ক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে। আশা করছি আগামী বিকেএমইএ সভাপতি বলেন, "মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবিলা করছি। কয়েক বছরের মধ্যেই আমরা প্রথম স্থান দখল করবো।" উৎসবে কারখানায় কর্মরত অবস্থায় এসএসসি উত্তীর্ণ ৩০ জন শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা তুলে দেন মন্ত্রী। বাংলাদেশের নিট পণ্য বিশ্বের ১০০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে। এ খাতে গত ২০০৮-০৯ অর্থবছরে ৬৪৬ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমইউএস/এমআই/১৮২৩ ঘ.