২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত বাড়াতে গ্যাস-কয়লা আমদানির চিন্তা

বিদ্যুত উৎপাদন দ্বিগুণ করতে তরল প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির পরিকল্পনা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুত উৎপাদন দ্বিগুণ করতে তরল প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী রোববার বলেছেন, আমদানি করা জ্বালানি নতুন বিদ্যুত কেন্দ্রে ব্যবহার করা হবে। ১৫-১৬ ডিসেম্বর লন্ডন রোড শো সম্মেলনে অংশ নিতে যুক্তরাজ্য রওনা হওয়ার আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৪০৩৫ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুত উৎপাদনের লক্ষ্যে ১১টি প্রকল্পে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ আকষর্ণের জন্য বিদেশে তিনটি রোড শো আয়োজন করেছে সরকার। বর্তমানে দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা সাড়ে ৫ হাজার মেগাওয়াটের মতো; এর বিপরীতে গড় উৎপাদন ৩৮০০ থেকে ৪০০০ মেগাওয়াট। চলতি বছরে জাতীয় গ্রিডে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুত যোগ হবে বলে সংবাদ সম্মেলনে বিদ্যুত সচিব আবুল কালাম আজাদ জানান। গ্যাস সঙ্কটের কারণে বর্তমানে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুত কম উৎপাদন হচ্ছে জানিয়ে তৌফিক ইলাহী বলেন, "আমারা গ্যাসের জন্য বিদ্যুত উৎপাদন করতে পারছি না। তাই তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চাচ্ছি। "পাশাপাশি বিদ্যুত উৎপাদনের জ্বালানি হিসেবে গ্যাসের বিকল্পও ভাবছি আমরা। কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদন করতে চাচ্ছি।" বাংলাদেশে প্রমাণিত গ্যাস মজুদের পরিমাণ প্রায় ৯ ট্রিলিয়ন কিউবিক ফুট। প্রতিদিনের গড় চাহিদা প্রায় ২৩০০ মিলিয়ন কিউবিক ফুট। লন্ডনের পর আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি সিঙ্গাপুর ও নিউইয়র্কে আরো দুটি রোড শো করবে বাংলাদেশ। রোড শোতে বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্যতা ও সুফল তুলে ধরবে প্রতিনিধি দল। প্রস্তাবিত ১১টি প্রকল্পের মধ্যে রয়েছে ১৩২৫ মেগাওয়াট উৎপাদনক্ষম ৫টি প্রকল্প (গ্যাস ও এইসএফওভিত্তিক), ২৬০০ মেগাওয়াট উৎপাদনক্ষম একটি প্রকল্প (আমদানি করা কয়লাভিত্তিক), ১০ মেগাওয়াটের ৩টি প্রকল্প (সৌরশক্তিভিত্তিক), ১০০ মেগাওয়াটের একটি প্রকল্প (বায়ুশক্তিভিত্তিক) এবং ৫০০ মিলিয়ন কিউবিক ফুট ধারণ ক্ষমতার একটি এলএনজি টার্মিনাল স্টেশন নির্মাণ। সংবাদ সম্মেলনে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, "বিনিয়োগের জন্য বাংলাদেশের মতো লাভজনক দেশ আর নেই। এ বিষয়টাই বিনিয়োগকারীদের আমরা বোঝানোর চেষ্টা করবো।" বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা সহজ করা হচ্ছে বলেও জানান তিনি। তৌফিক ইলাহীর নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল শনিবার লন্ডন রওনা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোড শোতে অংশ নেওয়ার জন্য ৮০ বিনিয়োগকারী অনলাইনে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ২৫ জন প্রবাসী বাংলাদেশীও রয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বিদ্যুত উৎপাদন ২০১১ সালের মধ্যে ৫০০০ মেগাওয়াট, ২০১৩ সালের মধ্যে ৭০০০ মেগাওয়াট এবং ২০২১ সালের মধ্যে ২০০০০ মেগাওয়াটে উন্নীত করার প্রতিশ্র"তি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৪১ ঘ.