২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা চেম্বার সভাপতি অপসারণ

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাকে পদ থেকে অপসারণ করে কার্যনির্বাহী কমিটি বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

খুলনা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাকে পদ থেকে অপসারণ করে কার্যনির্বাহী কমিটি বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্রনাথ সরকারকে চেম্বারের প্রশাসক নিয়োগ করা হয়। আগামী চারমাসের মধ্যে তাকে নতুন কমিটি নির্বাচনের আদেশও দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় খুলনা চেম্বার ও জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ আদেশ দেয়। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক সহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সাহারুজ্জামান মোর্ত্তজা সংগঠন পরিচালনায় নিরপেক্ষতা হারিয়েছেন। তার বিরুদ্ধে বাণিজ্যমেলার আয় থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সংগঠনের ফিক্সড ডিপোজিট থেকে ১৫ লাখ টাকা এবং বাড়ি ভাড়াসহ অন্যান্য আয় সংক্রান্ত বিষয়ে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে সাহারুজ্জামান মোর্ত্তজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 'ষড়যন্ত্র করে' এটি করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। নতুন প্রশাসক সত্যেন্দ্র নাথ সরকার মন্ত্রণালয়ের চিটি পাওয়ার কথা স্বীকার করে বলেন, রোববার থেকে তিনি দায়িত্ব গ্রহণ করার আশা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১৫০ ঘ.