২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকারদের জন্য চাকরি কর্মসূচিতে গোপালগঞ্জও

সরকারের ন্যশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বেকার যুবকদের চাকরির কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গোপালগঞ্জ জেলাও অন্তর্ভুক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ন্যশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বেকার যুবকদের চাকরির কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গোপালগঞ্জ জেলাও অন্তর্ভুক্ত হয়েছে। গত ৫ অক্টোবর মন্ত্রিসভার ৪০তম বৈঠকে প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বরগুনা ও কুড়িগ্রাম জেলায় অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। বুধবার যুব দিবস উপলক্ষে এক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "প্রথম পর্যায়ে গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও বরগুনার যুবকরা এ সুযোগ পাবে।" গোপালগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক জেলা। এ জেলার একটি আসন থেকে তিনি প্রতিবারই নির্বাচিত হয়ে আসছেন। অর্থমন্ত্রী জানান, বেকারতের চাকরির এ কর্মসূচি পরবর্তীতে অন্য জেলায়ও চালু করা হবে। মতিঝিলে যুব ভবনে 'যুব উন্নয়নে ন্যাশনাল সার্ভিস-ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার' শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী ২০২১ সালের মধ্যে প্রতিটি পরিবারের একজন শিক্ষিত বেকার যুবককে চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ তিন জেলায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হবে।" অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বক্তব্য রাখেন। প্রতি জেলায় ৬ হাজার করে মোট ১৮ হাজার যুবক এ কর্মসূচির আওতায় চাকরি পাবে। এ সুযোগ তাদের জন্যই, যারা এসএসসি ও সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। দেশে বর্তমানে বেকারত্বের হার ৪০ শতাংশ। ২০২১ সালের মধ্যে দেশে বেকারত্বের হার ১৫ শতাংশে নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। আর সে লক্ষ্যেই ন্যাশনাল সার্ভিস, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি অব্যাহত রাখাসহ কর্মসংস্থান সৃষ্টিমূলক নানা কর্মসূচি নেওয়া হচ্ছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এএল/এমআই/১৭৪৪ ঘ.