ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলো কী ধরনের সামাজিক কার্যক্রম (সিএসআর-করপোরেট সোস্যাল রেসপন্সেবিলিটি) পরিচালনা করছে, এখন থেকে তা বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
আগামী জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ বছর মেয়াদি (২০১০-২০১৪) যে কর্মপরিকল্পনা ঘোষণা করবে, তাতে ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
গভর্নর রোববার শেরাটন হোটেলে প্রাইম ব্যাংক আয়োজিত সিএসআর বিষয়ক এক আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ব্যাংকগুলো তাদের পছন্দমতো সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু তারা কী ধরনের কার্যক্রম করছে, তা এখন থেকে মনিটর করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক এ কাজ শুরু করছে।"
কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের ধরন কী হবে- জানতে চাওয়া হলে বক্তব্য শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, "সিএসআর কার্যক্রমের ক্ষেত্রে ব্যাংকগুলো কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে, এর ফলে কারা উপকৃত হচ্ছে-এ বিষয়গুলোই মনিটর করা হবে।"
গভর্নর তার বক্তব্যে আরো বলেন, এমন একটা সময় আসবে যখন ব্যাংকগুলোর 'ক্যামেল রেটিং'য়ের ক্ষেত্রে সিএসআরও অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা বিবেচনায় রেখে ব্যাংকগুলোকে কাজ করতে হবে।
ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদনে এখন থেকে সিএসআর কার্যক্রমের বিবরণ রাখার আহ্বানও জানান তিনি।
বর্তমানে ব্যাংকগুলোকে তাদের মুনাফার ওপর ৪২ দশমিক ৫০ শতাংশ হারে করপোরেট ট্যাক্স দিতে হয়। কিন্তু সিএসআর কার্যক্রমে ব্যয়িত অর্থের জন্য কোনো কর দিতে হয় না।
আতিউর রহমান সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24