২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সঙ্কটে উৎপাদন ব্যাহত হচ্ছে: বিকেএমইএ

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম নিট শিল্পের উৎপাদন গ্যাস সঙ্কটের কারণে ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে বিকেএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 09:39 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম নিট শিল্পের উৎপাদন গ্যাস সঙ্কটের কারণে ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে বিকেএমইএ। সংগঠনের সভাপতি ফজলুল হক শনিবার বলেছেন, "বর্তমানে নিট শিল্পে মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাসও পাওয়া যায় না।" গ্যাস সমস্যা সমাধানের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হলে বিশ্বমন্দা মোকাবেলায় সরকারিভাবে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং আমরা নিজেরা মেলা আয়োজনসহ যে সব উদ্যোগ গ্রহণ করছি, সবই ব্যর্থ হবে।" বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফজলুল হক একথা বলেন। দেশের নিট পোশাক কারখানাগুলো মূলত নারায়ণগঞ্জকেন্দ্রিক। তাই এ অঞ্চলে গ্যাসের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা হলে নিট খাতের সঙ্কট অনেকটাই কেটে যাবে বলে বিকেএমই সভাপতি মনে করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীত মৌসুমের কারণে বিদ্যুতের চাহিদা বেশ খানিকটা কমেছে। গ্যাস উৎপাদন বিদ্যুতের উপর নির্ভরশীল। সরকার যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে নারায়ণগঞ্জে নিট কারখানাগুলোতে গ্যাস সমস্যা সমাধানের জন্য আলাদা ধরনের কোনো ব্যবস্থা করে, তাহলে সঙ্কট নিরসন করা সম্ভব।" "গ্যাস সঙ্কটের কারণে আমরা যদি কাপড়ই না বানাতে পারি, তাহলে কোনো উদ্যোগই কাজে লাগবে না", বলেন তিনি। নিট-টেক্স প্রদর্শনী আগামী ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী নিট-টেক্স হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকেএমইএ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজনকারী সংস্থা সেমস (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট লিমিটেড) যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে। ব্যবসায়ীসহ সবার জন্য প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রযুক্তি ও যন্ত্রপাতির আন্তর্জাতিক এ প্রদর্শনী উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। ১৫টি দেশের ৭৫টি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বাংলাদেশের নিট পোশাক বিশ্বের ১০০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে। এ খাত থেকে গত ২০০৮-০৯ অর্থবছরে ৬৪৬ কোটি ডলার আয় হয়। বর্তমানে নিট পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। চীন ও তুরস্ক যথাক্রমে ১ম ও ২য় অবস্থানে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৫৩৫ ঘ.