২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে চিংড়ি রপ্তানি শুরু অনিশ্চয়তার মুখে

আগামী ৭ ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে স্বাদু পানির চিংড়ি রপ্তানি শুরু অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

সরকারের মৎস্য অধিদপ্তর গত মাসে এক বৈঠকে গলদা চিংড়ি রপ্তানি আবার শুরুর সিদ্ধান্ত নেয় এবং এ তারিখ নির্ধারণ করে।

বাংলাদেশের গলদা চিংড়িতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক (নাইট্রোফুরান) সনাক্ত হওয়ার পর গত ১৯ মে থেকে ৬ মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গলদা চিংড়ি রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে রপ্তানি চলছে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম এব্যাপারে বলেন, "ইইউ'র সঙ্গে এবিষয়ে কথা হয়েছিল যে চিংড়ি রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অন্তত এক মাস আগে আমাদেরকে সে বিষয়ে ইইউকে জানাতে হবে এবং আমরা তা করেছি।"

তিনি জানান, কিন্তু গত ২৬ নভেম্বর ইইউ মৎস্য অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে নাইট্রোফুরান সমস্যা সমাধানে নেওয়া পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে জানতে চায়।

এ বিষয়ে রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এব্যাপারে একটি রিপোর্ট তৈরী হয়েছে এবং ইতিমধ্যেই তা ইইউকে পাঠানো হয়েছে।"

নির্ধারিত তারিখে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে স্বাদু পানির চিংড়ি রপ্তানি শুরুর ব্যাপারে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

"আমরা রপ্তানি শুরু করতে প্রস্তুত, কিন্তু তা নির্ভর করছে ইইউ কমিশনের উপর", বলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি আরো জানান, চিংড়িতে নাইট্রোফুরান দূষণ 'উল্লেখযোগ্য হারে কমাতে' সক্ষম হয়েছেন তারা। তার মতে স্বাদু পানির চিংড়িতে ক্ষতিকর নাইট্রোফুরান এখন 'অনুমোদনযোগ্য' মাত্রায় নেমে এসেছে।