ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্পষ্ট বলে দিয়েছেন, রপ্তানি শিল্পের জন্য ঘোষিত নতুন প্রণোদনা প্যাকেজ পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নেই।
নতুন এ প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানালেও তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ ও বিজিএমইএ বলেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এটি মোটেই উপযোগী নয়।
সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের সরকারের অবস্থানের কথা বলেন।
বুধবার শর্ত সাপেক্ষে তৈরি পোশাক খাত, কাঁচা চামড়া ও নতুন প্রতিশ্র"তিশীল জাহাজ নির্মাণ খাতের জন্য বরাদ্দ রেখে ১ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এর পরই তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের এই দুই সংগঠন শর্ত সাপেক্ষে দেওয়া এই প্রণোদনা প্যাকেজে তাদের প্রত্যাশা পূরণ না হওয়ার কথা জানিয়ে তা পুনর্বিবেচনা করার দাবি জানায়।
গত এপ্রিলে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবেলায় প্রথম দফায় রপ্তানি খাতের জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়। তবে সেখানে তৈরি পোশাক শিল্পসহ কয়েকটি খাতের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তারা পাঁচ বছরের জন্য প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছিল। আমরা তিন বছরের জন্য দিয়েছি। তবে তারা শর্ত পূরণ না করলে এর সুফল ভোগ করতে পারবে না।"
তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ প্রসঙ্গে তিনি আরও বলেন, "বিজিএমইএ এখনো তাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিস্তারিত তথ্য এ সংক্রান্তপর্যালোচনা কমিটিকে দিতে পারেনি। বিস্তারিত তথ্য দিতে না পারার ব্যর্থতা তাদেরই।"
"প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কিছুই নেই" বিজেএমইএ ও বিকেএমই এর এ অভিযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশে গার্মেন্টস খাত সরকারের কাছ থেকে সর্বোচ্চ সহায়তা পাচ্ছে। তাদের অনেক দেওয়া হচ্ছে। তারা দেশে কর্মসংস্থান সৃষ্টিতে যেমন অবদান রাখছে তেমনি তারা শুল্কসহ নানা সুবিধা ভোগ করছে।"
মুহিত এ প্রসঙ্গে তাদের কোনো করপোরেট কর দিতে না হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
সরকারগঠিত প্রণোদনা বিষয়ক টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তৈরি পোশাক ও বস্ত্রখাতের জন্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী দ্বিতীয় প্যাকেজ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১২৬ঘ.
bdnews24