ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের নতুন ক্রয় আইনের (পিপিএ) কয়েকটি ধারার বিশ্বব্যাংকের আপত্তি সত্ত্বেও তা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি সংবাদিকদের একথা বলেন।
একে খন্দকারের ভাষায়, "চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মোট ৩০ হাজার ৫০০ কোটি টাকার এডিপি'র ১৬ শতাংশ বাস্তবায়িত হচ্ছে। অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়নের এ হার সন্তোষজনক।
"এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি মনিটর করছেন।"
অর্থবছর শেষে এবার এডিপি বাস্তবায়নের হার অন্য যে কোনো বছরের চেয়ে ভালো হবে বলে জানান এ কে খন্দকার।
দাতা সংস্থা বিশ্বব্যাংক সরকারের নতুন ক্রয় আইনের কয়েকটি বিষয়ে আপত্তি জানানোর কারণে এডিপি বাস্তবায়নের গতি ধীর হবে কীনা- জানতে চাওয়া হলে পরিকল্পনামন্ত্রী বলেন, "আমরা (সরকার) আমাদের নিজেদের অর্থে (স্থানীয় সম্পদ) যে সব প্রকল্প বাস্তবায়িত করবো সে সব প্রকল্প আমাদের নতুন ক্রয় আইন অনুযায়ী করবো। আর যেসব প্রকল্পে বিশ্বব্যাংক বা অন্য কোনো দাতা সংস্থা অর্থায়ন করবে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সঙ্গে বসে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"
সম্প্রতি জাতীয় সংসদে সরকারের নতুন ক্রয় আইন পাস হয়েছে।
ওই আইনে লটারির মাধ্যমে প্রকল্পের কাজ দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা পর্যন্ত কাজ দেওয়ার সুযোগ, টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার ক্ষেত্রে 'দুই খাম'-এর ব্যবস্থা রাখা হয়েছে।
এক খামে দুই বিবরণী জমা দেওয়ার বিধান পরিবর্তন করে নতুন আইনে টেন্ডার জমা দেওয়ার সময় টেন্ডারের আর্থিক বিবরণী ও কারিগরি বিবরণী পৃথক খামে জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।
বিশ্বব্যাংক এই তিন বিষয়ে আপত্তি জানায়।
সম্প্রতি সংস্থাটি পিপিএ পরিবর্তনের আলোকে সরকারের (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) কাছে লেখা এক চিঠিতে বিশ্বব্যাংক সাহায্যপুষ্ট প্রকল্পে স্থানীয় কেনাকাটা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ছিল ১০ শতাংশ।
অক্টোবর শেষে তা বেড়ে ১৬ শতাংশ হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে/এআরএইচ/এএল/এসকে/২২০৬ঘ.
bdnews24