আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ব্যাংক আমানতের সুদের হার কমালেও সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটা আগের মতোই থাকায় এতে মানুষের ঝোঁক বাড়ছে।
গত সেপ্টেম্বর মাসে এ খাতে এক হাজার ১৩১ কোটি ৩২ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসে এই বিপুল অঙ্কের টাকার সঞ্চয়পত্র কিনেছেন দেশের মানুষ। এটা গত ২০০৮-০৯ অর্থবছরের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) বিনিয়োগের চেয়ে প্রায় দ্বিগুণ।
এর আগে কখনই এক মাসে এতো টাকা সঞ্চয়পত্রে বিনিয়াগ হয়নি।
গত অর্থবছরে সবমিলিয়ে এ খাতে তিন হাজার ৬৩৩ কোটি ৩২ লাখ টাকা বিনিয়োগ হয়েছিল। আর চলতি অর্থবছরের তিন মাসেই বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৮১০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৮৬ লাখ টাকা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো তাদের বিভিন্ন প্রকল্পে আমানতের সুদের হার কমিয়ে দিলেও সঞ্চয়পত্রের সুদের হার আগের মতোই রয়েছে। এছাড়া বিপুল অঙ্কের অলস অর্থ (অতিরিক্ত তারল্য) পড়ে থাকায় ব্যাংকগুলো আর এখন আমানত সংগ্রহের দিকে তেমন আগ্রহ দেখাচ্ছে না।
"মূলতঃ এ কারণেই সঞ্চয়পত্রে বিনিয়োগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে," মন্তব্য করেন তিনি।
এ ছাড়া বাজারে দ্রব্যমূল্য কিছুটা কমে আসায় মূল্যস্ফীতি মোটামুটি সহনীয় পর্যায়ে নেমে এসেছে। এ কারণে মানুষের খরচও কিছুটা কমেছে। খরচ কমে যাওয়ায় গচ্ছিত অর্থ তারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে বলে মনে করেন জায়েদ বখত।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় চার গুণ টাকা বেশি বিনিয়োগ হয়েছে।
আর গত বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে এ খাতে প্রায় ছয়গুণ বেশি বিনিয়োগ হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে সঞ্চয়পত্র খাতে মাত্র ১৮৩ কোটি ৫১ লাখ টাকা বিনিয়োগ হয়েছিল। অথচ গত সেপ্টেম্বরে বিনিয়োগ হয়েছে এক হাজার ১৩১ কোটি ৩২ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছে ৯১৪ কোটি ৫৮ লাখ টাকা। গত অর্থবছরের একই মাসে এর পরিমাণ ছিল অর্ধেকেরও কম (৪২১ কোটি ২৪ লাখ টাকা)। আগস্ট মাসে বিনিয়োগ হয়েছে ৭৬৪ কোটি ৬ লাখ টাকা। গত অর্থবছরের আগস্টে বিনিয়োগ হয়েছিল মাত্র ১৫০ কোটি ১১ লাখ টাকা।
জায়েদ বখত মনে করেন, মূলত দু'টি কারণে গত অর্থ বছরে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে গিয়েছিল। এর একটি হচ্ছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ পরিবারের অন্য সব খরচ বেড়ে যাওয়ায় মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গিয়েছিল। অন্যদিকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের দুর্নীতি বিরোধীসহ নানা ধরনের অভিযানের কারণে মানুষ ভয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমিয়ে দিয়েছিল।
তিনি বলেন, "এখন সে অবস্থা নেই। নির্বাচিত সরকার আসায় মানুষের মধ্যে সে ভয় কেটে গেছে। যার যা কিছু সঞ্চয় আছে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে।"
তবে একটি আশঙ্কার কথা জানিয়েছেন জায়েদ বখত। তিনি বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ বেশি হলে সরকারকে বেশি সুদ দিতে হবে। সেক্ষেত্রে সরকারের খরচ বেড়ে যাবে। বাজেটের ওপর চাপ পড়বে। আর এ চাপ সামলাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে (ব্যাংক থেকে) ঋণ নেবে।
এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
২০০৬-০৭ অর্থ বছরে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ছিল চার হাজার ১৭৪ কোটি ৯২ লাখ টাকা। দেশে জরুরি অবস্থার কারণে ২০০৭-০৮ অর্থ বছরে তা দুই হাজার ২২৮ কোটি ২৯ লাখ টাকায় নেমে আসে।
সেপ্টেম্বর শেষে দেশে সঞ্চয়পত্র খাতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৬০০ কোটি ৭৫ লাখ টাকা। গত অর্থবছর শেষে এর পরিমাণ ছিল ৪৯ হাজার ৭৯০ কোটি ৭৯ লাখ টাকা।
বর্তমানে দেশে তিন ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হচ্ছে, পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন বছর মেয়াদী তিন মাস অন্তর সঞ্চয়পত্র ও পাঁচ বছর মেয়াদী তিন মাস অন্তর পেনশন সঞ্চয়পত্র।
এ সব সঞ্চয়পত্রের সুদের হার ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে। বেশ কিছুদিন ধরেই এ হার বলবৎ রয়েছে।
অন্যদিকে কোনো ব্যাংকই এখন আমানত সংগ্রহের ক্ষেত্রে ১০ শতাংশের বেশি সুদ দেয় না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ৪ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ১০ দশমিক ১৯ শতাংশ।
আর ২০০৭ সালের ডিসেম্বরে এই মূল্যস্ফীতি বেড়ে এক পর্যায়ে ১১ দশমিক ৫৯ শতাংশে উঠেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/এমআই/১১০০ ঘ.
bdnews24