২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপির অগ্রগতি নেই

বিনিয়োগ আকর্ষণ এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটের সবচেয়ে বেশি আলোচিত বিষয় পিপিপি'র পাঁচ মাসেও তেমন একটা অগ্রগতি নেই। দেশের অর্থনীতির চালচিত্র নিয়ে আবদুর রহিম হারমাছির ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 06:05 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিনিয়োগ আকর্ষণ এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটের সবচেয়ে বেশি আলোচিত বিষয় পিপিপি'র পাঁচ মাসেও তেমন একটা অগ্রগতি নেই। চলতি অর্থ বছরের বাজেট পেশের সময় সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) উদ্যোগে নব-উদ্যমে বিনিয়োগ প্রয়াস নামের এ নতুন পদক্ষেপ নেয় সরকার। বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ বড় প্রকল্প এ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়নের জোর আশাবাদ প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পাসের পাঁচ মাস হতে চললেও এখন পর্যন্ত একটি প্রকল্প বাস্তবায়নের জন্যও দরপত্র আহ্বান করা হয়নি। ব্যবসায়ী-শিল্প উদ্যোক্তারা ওই সময় (জুন মাসে বাজেট পেশের সময়) পিপিপি নিয়ে আশাবাদী হলেও তারা এখন হতাশ হয়ে পড়ছেন। হতাশ অর্থমন্ত্রী নিজেও। গত শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক আলোচনায় তিনি বলেন, "নানা ধরনের জটিলতার কারণে পিপিপি'র আওতায় জনগুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পের দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজেও কিছুটা হতাশ।" তবে ডিসেম্বরের মধ্যে কয়েকটি প্রকল্পের দরপত্র আহ্বান করা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী। তবে গত মাসে (অক্টোবর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাজধানীতে উড়াল পথ এবং কক্সবাজারের সোনাদিয়াতে গভীর সমুদ্র নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়কে (যোগাযোগ ও নৌ পরিবহন মন্ত্রণালয়) দায়িত্ব দেওয়া হয়। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সত্যিই আমরা পিপিপি নিয়ে বেশ আশাবাদী ছিলাম। সরকারের সঙ্গে মিলে কাজ করতে দেশের উন্নয়নের জন্য ব্যবসায়ী শিল্প উদ্যোক্তারা প্রস্তুত। কিন্তু সরকারি উদ্যোগের ব্যর্থতার কারণে তা হয়ে উঠছে না।" তিনি বলেন, বাজেট পাসের পাঁচ মাস হতে চললো। আমরা ভেবেছিলাম সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। কিন্তু এখন পর্যন্ত একটিরও হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "আমি তখনই (বাজেটের সময়) বলেছিলাম, পিপিপি একটি ভালো উদ্যোগ। তবে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন।" সত্যিই পিপিপি'র মাধ্যমে সরকার দেশের উন্নয়ন করতে চাইলে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে দ্রুত একটি কমিটি করে তাদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে একটি গাইডলাইন (নীতিমালা) ঠিক করা উচিত বলে মন্তব্য করেন তিনি। পিপিপি'র আওতায় যে সব প্রকল্প বাস্তবায়িত হবে সে সব ক্ষেত্রে দেশের মানুষের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন মির্জ্জা আজিজ। এখন পর্যন্ত পিপিপি নিয়ে একটি প্রকাশনা (অবস্থানপত্র) প্রকাশ করেছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগে নব-উদ্যম বিনিয়োগ প্রয়াস নামের অর্থ মন্ত্রণায়ের এই অবস্থানপত্রটি ১১ জুন বাজেট পেশের দিন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বেসরকারি খাতের অংশগ্রহণে সরকার কিছু বিশাল আকারের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এ ধরনের প্রকল্পের জনচাহিদা এবং অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে সরকারের নির্বাচনী ইশতেহারেও এর প্রতিফলন ঘটেছে। প্রকল্পগুলো বড় আকারের হওয়ায় এগুলো বাস্তবায়নে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে। এর বাইরে অল্প সময় ও অল্প ব্যয়ে পিপিপির মাধ্যমে ছোট ছোট সংযোগ সেতু, ফ্লাইওভার, আন্ডারপাস ও টানেল, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং হাসপাতাল নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে। অবস্থানপত্রে আরও উল্লেখ করা হয়, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরের অভ্যন্তরীণ অন্যান্য বড় শহরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করা যায়। পিপিপি বাস্তবায়নের জন্য সেপ্টেম্বরে এ সংক্রান্ত নিয়ন্ত্রক বা ব্যবস্থাপনা সংস্থা গঠন করা হবে বলে উল্লেখ করা হলেও এখন পর্যন্ত তা হয়নি। এতে পিপিপি'র উদ্যোগে সাতটি অতি বিশাল প্রকল্প বাস্তবায়নের তালিকা দেওয়া হয়। এই সাত প্রকল্পের মধ্যে ছয় প্রকল্প বাস্তবায়নে কী পরিমাণ টাকা খরচ হবে তারও একটি হিসাব দেওয়া হয়েছে। এর মধ্যে ছয় প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৫৫ দশমিক ৬৫ বিলিয়ন টাকা (১৩ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বা ৯৫ হাজার ৫৬৫ টাকার মতো)। একটির বাস্তবায়ন ব্যয় এখনও ধরা হয়নি। প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি ঢাকায়, একটি চট্টগ্রামে এবং একটি দেশের অন্য এলাকায় বাস্তবায়িত হবে। বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো হচ্ছে- যোগাযোগ মন্ত্রণালয়ের ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা মহানগর বেষ্টন করে আকাশ রেল (মনোরেল) নির্মাণ, ঢাকা মহানগরে পাতাল রেল পথ নির্মাণ, ঢাকা মহানগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ঢাকা-নারায়নগঞ্জ-গাজীপুর-ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন দেশের বিভিন্ন এলাকায় কয়লাভিত্তিক অথবা ডিজেল ও গ্যাসভিত্তিক ৪৫০ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/এমআই/১২০০ ঘ.