২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রিজার্ভ নিয়ে সাবধান'

রিজার্ভ বেশি বেড়ে যাওয়া ভালো নয় মন্তব্য করে এর ফলে যাতে মূল্যস্ফীতি না বাড়ে সেজন্য সাবধান থাকার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিজার্ভ বেশি বেড়ে যাওয়া ভালো নয় মন্তব্য করে এর ফলে যাতে মূল্যস্ফীতি না বাড়ে সেজন্য সাবধান থাকার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বানও জানান তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন (হাজার কোটি ডলার) ডলার ছাড়িয়ে যাওয়া উপলক্ষে সোমবার আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে- এটা সত্যিই একটা গৌরবোজ্জ্বল ঘটনা। অর্থমন্ত্রী হিসেবে এ নিয়ে তার মধ্যে অদ্ভূত ধরনের একটা আবেগ কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। রিজার্ভ বেশি বেড়ে গেলে মূল্যস্ফীতি বেড়ে যায় জানিয়ে মুহিত বলেন, "সেটা আমাদের অর্থনীতির আরেকটি উদ্বেগের বিষয়। রিজার্ভের সদ্বব্যবহার করতে হবে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে ৪ দশমিক ৬ শতাংশ হয়। গত বছরের জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ০৬ শতাংশ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মূল্যস্ফীতি ১১ দশমিক ৫৯ শতাংশে উঠে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মূল্যস্ফীতি আবার দুই অঙ্কে উঠার আশঙ্কা প্রকাশ করে। বড়ো অঙ্কের রিজার্ভ ও সম্প্রতি পে স্কেল ঘোষণার পর এ আশঙ্কা আরো প্রকট হয়ে ওঠে। সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বক্তব্য রাখেন। গত ১১ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করে। এ উপলক্ষেই কেন্দ্রীয় ব্যাংক এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশ স্বাধীন হওয়ার পর দেশের কোনো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল না বলে জানিয়ে তিনি জানান, সে সময় (১৯৭২ সালে) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদস্য হতে হলে ৫২ মিলিয়ন ডলার চাঁদা দেওয়ার শর্ত ছিল। তবে বৈদেশিক মুদ্রার অভাবে বাংলাদেশ আইএমএফের সদস্য হতে পারছিলো না। তখন কানাডার দেওয়া কিছু স্বর্ণমুদ্রা উপহার হিসেবে পেয়ে বাংলাদেশ এ সংস্থার হয়েছিলো বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, "আমাদের মতো দেশে রিজার্ভ দুই অঙ্ক (১০ বিলিয়ন ডলার) অতিক্রম করা খুবই ভালো খবর। আমি তো প্রত্যাশা করি, আমাদের রিজার্ভ ১০০ বিলিয়ন ডলার হোক। কিন্তু ১৫ বছরে হবে নাকি কতো বছরে হবে-তা জানি না।" বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক দলসহ দেশের মানুষের মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে মুহিত বলেন, "বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অনেকেরই এক ধরনের অনীহা আছে। বিদেশি বিনিয়োগের লভ্যাংশ দেশের বাইরে চলে যায়-এ জন্য আমরা এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখি না।" "কিন্তু এটা ঠিক না। বিদেশী বিনিয়োগ আসবে, দেশের কর্মসংস্থান হবে, অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। তারা তাদের লাভ নিয়ে যাবে-এটাকে স্বাভাবিকভাবে দেখতে হবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/১৯৫৯ ঘ.