২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে পাঁচ বছরের পরিকল্পনা সাজাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে পাঁচ বছরের পরিকল্পনা সাজাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনাও হবে এর লক্ষ্য। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলি খান রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তিনি বলেন, "পাঁচ বছর মেয়াদি কেন্দ্রীয় ব্যাংকের কর্মপরিকল্পনায় কৃষির পর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।" ডেপুটি গভর্নর জানান, আগামী পাঁচ বছর বাংলাদেশ ব্যাংক কীভাবে পরিচালিত হবে, ব্যাংকগুলোকে কী ধরনের দিক-নির্দেশনা দেওয়া হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে, তা কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে। ২০১০-১৪ মেয়াদি কৌশলগত পরিকল্পনার রূপরেখা তৈরি করতে ১৩ থেকে ১৪ নভেম্বর টাঙ্গাইলের যমুনা রিসোর্টে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক কর্মশালা হয়। ওই কর্মশালায় পাঁচ বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মুরশিদ খান বলেন, কর্মপরিকল্পনায় অঞ্চলভিত্তিক পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে 'ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট' কর্মসূচি হাতে নেওয়া হবে। "যেমন স্বরূপকাঠিতে প্রচুর পেয়ারা উৎপাদন হয়। ওই এলাকায় উৎপাদন বাড়াতে এবং পেয়ারাভিত্তিক শিল্প গড়ে তুলতে উৎসাহিত করা হবে", বলেন তিনি। কৃষি খাতে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে চলতি অর্থবছরে সাড়ে ১১ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণের তথ্য জানান মুরশিদ। ঢাকঢোল পিটিয়ে কৃষকদের ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বর্তমানে সারা দেশে সফর করছেন। "কৃষকদের মধ্যে এর ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। এর ইতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতেও পড়বে", আশা করেন ডেপুটি গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ২৬ শতাংশ লোকের ব্যাংকে সঞ্চয়ী হিসাব আছে। আর ব্যাংক থেকে ঋণ পায় মাত্র ৬ শতাংশ। বাংলাদেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) কৃষি খাতের অবদান ২৪ শতাংশ হলেও এ খাতে ব্যাংক ঋণ বিতরণ করা মোট ঋণের মাত্র ৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের ২০০৭-০৮ অর্থবছরের বার্ষিক রিপোর্টের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলের বেশির ভাগ লোক প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। ব্যাংকিং খাতের মোট আমানতের মাত্র ১৩ শতাংশ এবং ঋণের মাত্র ৮ শতাংশ গ্রামাঞ্চলের ব্যাংকগুলোতে রয়েছে। এটা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রামীণ জনগণের কম অংশগ্রহণই প্রমাণ করে। প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনাও কর্মপরিকল্পনায় স্থান পাবে বলে ডেপুটি গভর্নর জানান। তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, ব্যবসায়ী সংগঠন ও দাতা সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমইউএস/এমআই/১৭২০ ঘ.