২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে নারী সম্পৃক্ততার প্রশংসায় রাষ্ট্রদূত ভারভিয়ের

সফররত যুক্তরাষ্ট্রের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মেলানি ভারভিয়ের অর্থনীতি ও শিক্ষায় নারীদের সম্পৃক্ত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাষ্ট্রের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মেলানি ভারভিয়ের অর্থনীতি ও শিক্ষায় নারীদের সম্পৃক্ত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে নারী সাংসদদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বমন্দার প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষায় এদেশের নারীরা বিশাল অবদান রেখেছেন। নারীর ক্ষমতায়ন হলে দারিদ্র্য ও দুর্নীতি হ্রাস পায়। রাষ্ট্রদূত ভারভিয়ের বলেন, "আপনাদের দেশ মুসলিম অধ্যুষিত। আপনারা এদেশের অর্থনীতি ও শিক্ষায় নারীদের সম্পৃক্ত করছেন। পরিবর্তনের দাবিতে অনেক নারী সোচ্চার হচ্ছেন।" অনেক মুসলিম রাষ্ট্রে শিক্ষা ও অর্থনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত। মার্কিন দূত একজন বাংলাদেশী নারীর ক্ষুদ্র ঋণের মাধ্যমে তার পরিবারকে দারিদ্র্যমুক্ত করার কাহিনী তুলে ধরে বলেন, নারীদের জন্য অর্থ ব্যয় হলে তাতে দেশের সার্বিক উন্নয়ন হয়। এ প্রসঙ্গে তিনি অভিমত দেন যে, নারী উন্নয়নে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তা বিশ্বের অন্যান্য দেশ মডেল হিসেবে গ্রহণ করতে পারে। তিনি বলেন, "আমরা জানি এখানে নতুন অনেক কিছুই হচ্ছে।" মহিলাদের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশী নারীদের কর্মোদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রদূত ভারভিয়ের বলেন, মহিলা শ্রমিকরা অনানুষ্ঠানিক তৈরি পোশাক শিল্পকে আনুষ্ঠানিক খাতে রূপান্তরিত করেছে। তিনি বলেন, " বিশ্বমন্দার সময়ও বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। বিশেষ করে নারীরা এতে অবদান রেখেছেন। নারীর ক্ষমতায়ন দুর্নীতির মাত্রাও কমিয়েছে।" রাষ্ট্রদূত ভারভিয়ের তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান। সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন। রাষ্ট্রদূত ভারভিয়ের গ্লোবাল উইমেন্স ইস্যুজ দপ্তরের প্রথম অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ক্লিনটন প্রশাসনের সময় ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৩৪ ঘ.