২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা চাইলেন ঢাকার রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে প্রচেষ্টা ও লবিং অব্যাহত রয়েছে জানিয়েছেন ওই দেশে নিযুক্ত ঢাকার নতুন রাষ্ট্রদূত আকরামুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে প্রচেষ্টা ও লবিং অব্যাহত রয়েছে জানিয়েছেন ওই দেশে নিযুক্ত ঢাকার নতুন রাষ্ট্রদূত আকরামুল কাদের। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার পরিচয়পত্র পেশ করার পর নিউইয়র্কে মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, "প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎকালে আমি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি তুলে ধরেছি। এটা অনেকদিনের একটি ইস্যু।" এজন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানান আকরামুল কাদের। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত এ রাষ্ট্রদূত জানান, তবে হিমায়িত মাছ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রমিক সংগঠন শিশুশ্রম বন্ধে পদক্ষেপ নিতে চাপ অব্যাহত রেখেছে। আকরামুল কাদের আরো জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের গণতন্ত্রে ফিরে আসা এবং গণতন্ত্রের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিকতাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি (ওবামা) বাংলাদেশে যেতে আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, "আমার পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানেও তিনি তার সেই আকাক্সক্ষার কথা জানিয়েছেন। তবে এর দিন-তারিখ সম্পর্কে এখনো কিছু বলা যাবে না। সময় হলে আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের ক্ষেত্রে কোন নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। মিয়ানমারে সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে সমস্যা সম্পর্কে তিনি বলেন, "মিয়ানমারের সঙ্গে সর্ম্পক এখনও খারাপ হয়নি।" সন্ত্রাসবাদবিরোধী আঞ্চলিক টাস্কফোর্স গঠনের বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সন্ত্রাসবাদবিরোধী আঞ্চলিক টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছিলো। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল এম শামসুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এসএইচ/১৬৫৫ ঘ.