২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে-স্কেল দু'ধাপে বাস্তবায়ন হবে

নতুন বেতন কার্যকর হবে চলতি বছরের পহেলা জুলাই থেকে। আর আগামী বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হবে ভাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে-স্কেল দু'ধাপে বাস্তবায়িত হবে। নতুন বেতন কার্যকর হবে চলতি বছরের পহেলা জুলাই থেকে। আর আগামী বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হবে ভাতা। বুধবার মন্ত্রীসভা বৈঠকে বেতন স্কেল অনুমোদনের পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ৪০ হাজার টাকা এবং সর্বনিু চার হাজার ১০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে নতুন স্কেলে বেতন দিতে 'সর্বাত্মক চেষ্টা' করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, মন্ত্রীসভার অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নভেম্বরের বেতনই নতুন স্কেলে পাবেন। নতুন এ বেতন কাঠামোয় যদি কোনো রকম বৈষ্যমের সৃষ্টি হয়ে থাকে তা দূর করতে অর্থমন্ত্রীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটিও করা হয়েছে। অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনে জানানো হয়, যত দ্রুত সম্ভব এই বেতন স্কেল কার্যকর করা হবে। এ প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব আব্দুল আজিজ বলেন,"ঈদের আগে নতুন স্কেলে বেতন দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এরিয়ার সম্পর্কে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।" অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর অন্য বছরগুলোর মতো এবার নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়বে না। নতুন পে-স্কেলে যে কোনো গ্রেডে আর্থিক সুবিধা বৃদ্ধির পরিমাণ দু'হাজার টাকার বেশি হবে বলে জানিয়েছেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার বিষয়টি জানিয়ে আবুল মাল আব্দুল মুহিত বলেন, "শিক্ষকদের ক্ষেত্রে নতুন বেতন কমিশন করা হবে। আমরা মনে করি, শিক্ষকদের জন্য আলাদাভাবে বেতন নির্ধারণ করা উচিত।" নার্সদের ক্ষেত্রে ডিপ্লোমা ও ডিগ্রীধারীদের বেতনের তফাতের বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "যোগ্যতা অনুযায়ী নার্সদের স্কেল হবে।" পুলিশসহ অন্যান্য বাহিনীর সুযোগ-সুবিধা নতুন বেতন কাঠামো অনুযায়ী বাড়বে। সেক্ষেত্রে তাদের ভাতা ৩০ শতাংশ হলেও মূল বেতন বেড়ে যাওয়ায় তাদের ভাতাও বাড়বে। অর্থমন্ত্রী জানান সশস্ত্র বাহিনীরও বেতন বাড়বে এবং একইসাথে তাদের ভাতা তুলনামূলক বাড়বে। এছাড়া সেনা সদস্যদের পারিবারিক পেনশন বাড়ানো হয়েছে। শ্রমিকদের জন্য ওয়েজবোর্ড করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "আপনারা বলতে পারেন- বেতন বৃদ্ধি সার্বিক হয়েছে।" সম্ভাব্য বৈষম্য প্রসঙ্গে মুহিত বলেন, "বেতন বৃদ্ধিতে সব সময়ই বৈষম্য থাকে। এসব নিরসনে একটি কায়দা থাকে। এজন্য একটি কমিটি করা হয়েছে। আমি এই কমিটির সভাপতি থাকবো এবং অন্য সচিবরাও থাকবেন।" জুডিশিয়াল সার্ভিস কমিশনের ক্ষেত্রে জেলা জজরা তিন নম্বর গ্রেড অনুযায়ী বেতন পাবেন। তারা প্রতি পাঁচ বছরে একবার পোষাক ভাতা পাবেন। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, তাদের (বিচারক) কাজের বিশেষত্ব বিবেচনা করে বেতনের ৩০ শতাংশ বিশেষ ভাতা দেওয়া হবে। পেনশনভোগীদের পেনশন ৪০ শতাংশ বাড়বে এবং যাদের বয়স ৬৫ বছরের বেশি তাদের পেনশন ৫০ শতাংশ বাড়বে। মন্ত্রী পরিষদ সচিব আব্দুল আজিজ জানান, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকা হবে। তিনি জানান, পেনশনের ক্ষেত্রে পুরুষ ও মহিলার বৈষম্য দূর করা হয়েছে। স্বামী মারা গেলে স্ত্রী তার পেনশন পেতেন। কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী তার পেনশন পেতেন না। এখন থেকে স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রী'র পেনশন পাবেন। আব্দুুল আজিজ জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আগের আয়করই বহাল থাকছে। নতুন পে-স্কেলে বেতন বাবদ সরকারের তিন হাজার ৫৭০ কোটি টাকা এবং ভাতা বাবদ দু'হাজার ৬৫২ কোটি টাকা ব্যয় হবে বলে মন্ত্রী পরিষদ সচিব জানান। জিনিষপত্রের দাম বাড়ার ব্যাপারে আশঙ্কা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, "বেশ কয়েকদিন ধরেই পে-স্কেল নিয়ে লেখালেখি হচ্ছে। কোনো জিনিষের দাম বাড়েনি। দাম-টাম বাড়বে না। আমরা এটা আশঙ্কাও করছি না।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে (২০০৮ এর সেপ্টেম্বর ) সাবেক সচিব মোস্তাফিজুর রহমানকে প্রধান করে সপ্তম পে-কমিশন গঠন করা হয়। কমিশন এপ্রিল মাসের শেষ দিকে অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়। এরপর সচিব কমিটি ওই প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ বেতন ৩৯ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার ১৫০ টাকা করার সুপারিশ করে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক। নতুন বেতনের কাঠামো অর্থমন্ত্রী জানান, নতুন পে-স্কেলে এক নম্বর গ্রেডে বেতন হবে ৪০ হাজার টাকা। দুই নম্বর গ্রেড প্রারম্ভিকভাবে পাবে ৩৩ হাজার ৫০০ এবং সর্বোচ্চ ৩৯ হাজার ৫০০ টাকা। তিন নম্বর গ্রেডে প্রারম্ভিক ২৯ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার ৬০০ টাকা। চার নম্বর গ্রেডে প্রারম্ভিক ২৫ হাজার ৭৫০ টাকা এবং সর্বোচ্চ ৩৩ হাজার ৭৫০ টাকা। পাঁচ নম্বর গ্রেডে প্রারম্ভিক ২২ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৩১ হাজার ২৫০ টাকা। ছয় নম্বর গ্রেডে প্রারম্ভিক ১৮ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২৯ হাজার ৭০০ টাকা। সাত নম্বর গ্রেডে প্রারম্ভিক ১৫ হাজার এবং সর্বোচ্চ ২৬ হাজার ২০০ টাকা। আট নম্বর গ্রেডে প্রারম্ভিক ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৬০০ টাকা। নয় নম্বর গ্রেডে প্রারম্ভিক ১১ হাজার টাকা এবং সর্বোচ্চ ২০ হাজার ৩৭০ টাকা। ১০ নম্বর গ্রেডে প্রারম্ভিক আট হাজার টাকা এবং সর্বোচ্চ ১৬ হাজার ৫৪০ টাকা। ১১ নম্বর গ্রেডে প্রারম্ভিক ছয় হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ ১৪ হাজার ২৫৫। ১২ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ১২৫ টাকা। ১৩ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১২ হাজার ৯৫ টাকা। ১৪ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ১১ হাজার ২৩৫ টাকা। ১৫ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার ৪৫০ টাকা। ১৬ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৭০০ টাকা এবং সর্বোচ্চ নয় হাজার ৪০০ টাকা। ১৭ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ নয় হাজার ৯৫ টাকা। ১৮ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ আট হাজার ৫৮০ টাকা। ১৯ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ আট হাজার ১৪০ টাকা। ২০ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ সাত হাজার ৭৪০ টাকা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/এসকে/২১২৫ঘ.